২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জোয়ারের কবলে চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়িক প্রতিষ্ঠান

ঘূর্ণিঝড়ের প্রভাবে জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রামের অন্যতম ব্যবসায়িক প্রাণকেন্দ্র চাক্তাই-খাতুনগঞ্জের কয়েকশ গুদাম ও দোকান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2016, 10:23 PM

Updated : 20 Aug 2022, 12:46 PM

শনিবার বেলা ১২টার দিকে ঘূর্ণিঝড় রোয়ানু চট্টগ্রাম উপকূল অতিক্রমের সময় কর্ণফুলী নদী সংলগ্ন চাক্তাই-খাতুনগঞ্জে জোয়ারের পানি ঢুকে পড়ে।

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েমনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিটি গুদামে জোয়ারের পানি প্রবেশ করেছে। এতে করে গুদামের নিচের অংশের পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।”

জোয়ারের পানিতে দুইশর মত দোকান ও গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান চাক্তাই শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক জামাল হোসেন।

তার আশঙ্কা, এতে ব্যবসায়ীদের ক্ষতি কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

জোয়ারের পানিতে মাঝিরঘাট এলাকায় কর্ণফুলী নদীর কাছাকাছি কয়েকটি গুদামেও পানি প্রবেশ করেছে বলে খবর এসেছে।

গুদাম ব্যবসায়ীদের সংগঠন চট্টগ্রাম ঠিকাদার ও কমিশন এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নদী সংলগ্ন কয়েকটি লবণের গুদাম জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।