২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোয়ানু: চট্টগ্রামে ভেঙে পড়েছে শতাধিক গাছ, ক্ষতিগ্রস্ত সড়ক

ঘূর্ণিঝড় রোয়ানুতে সৃষ্ট জলোচ্ছ্বাসে চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় নেভাল একাডেমি সড়কের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে; আর পুরো নগরীতে ভেঙে পড়েছে শতাধিক গাছ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2016, 07:36 PM

Updated : 11 Oct 2022, 08:16 PM

শনিবার বেলা ১২টায় ঘূর্ণিঝড় নগরীর ওপর দিয়ে বয়ে যেতে শুরু করে।

ঘূর্ণিঝড়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে বেড়িবাঁধের পাশে থাকা প্রায় অর্ধশতাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের বাতাসে উড়ে গেছে পতেঙ্গা থানার কয়লার ডিপো পুলিশ ফাঁড়ি ও সংলগ্ন মসজিদের টিনের চালা।

এছাড়া পতেঙ্গা থানার লালদিয়ার চর এলাকায় প্রায় চার ফুট জলোচ্ছ্বাস হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১২টার দিকে নগরীর বিমানবন্দর সড়কের অদূরে নেভাল একাডেমির মূল ফটকের সামনের সড়কে পানি উঠে পড়ে।

Image
রোয়ানুর প্রভাবে জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত পতেঙ্গার নেভাল একাডেমি সড়ক

রোয়ানুর প্রভাবে জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত পতেঙ্গার নেভাল একাডেমি সড়ক

কর্ণফুলী নদীর মোহনার কাছে থাকা সড়ক সংলগ্ন দেয়াল ডিঙ্গিয়ে পানি মূল সড়কে আছড়ে পড়ে। এতে সড়কের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। পানির তোড়ে সড়কের বড় একটি অংশের আস্তরণ ও ইট উঠে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়।

এদিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের গাড়ি পার্কিং এ দুপুরে পানি জমে যায়। পরে তা নেমে গেছে।

পতেঙ্গা থানার ওসি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নেভাল একাডেমি সড়ক পানির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমান বন্দরের গাড়ি পার্কিং এ কিছু সময়ের জন্য জলাবদ্ধতার সৃষ্টি হয়।

এদিকে ঘূর্ণিঝড়ে নগরীর বন্দর টিলা, কাঠগড়, পতেঙ্গা, বিমান বন্দর সড়ক, হালিশহর, ডবলমুরিংসহ বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক গাছ ভেঙে পড়েছে।

ডবলমুরিং থানার এসআই নুর হোসেন জানান, আগ্রাবাদ এক্সেস সড়ক এবং মা ও শিশু হাসপাতাল থেকে আগ্রাবাদ মোড় পর্যন্ত অংশে বেশ কিছু গাছ ভেঙে পড়েছে।

Image
চট্টগ্রাম নগরীর পাহাড়তলি রেলওয়ে পুলিশ লাইন সংলগ্ন মূল সড়কের ওপর একটি কালভার্ট ভেঙে পড়ে বাধাগ্রস্ত হচ্ছে স্থানীয়দের চলাচল

চট্টগ্রাম নগরীর পাহাড়তলি রেলওয়ে পুলিশ লাইন সংলগ্ন মূল সড়কের ওপর একটি কালভার্ট ভেঙে পড়ে বাধাগ্রস্ত হচ্ছে স্থানীয়দের চলাচল

চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) এর অধীনে নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি দল কাজ করছে।

সিসিসি’র প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মন্নান সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর বিভিন্ন স্থানে প্রায় ১০০ গাছ ভেঙে পড়েছে। সেগুলো সরিয়ে নিতে আমাদের টিমগুলো কাজ করছে।

এদিকে সকালে নগরীর পাহাড়তলি রেলওয়ে পুলিশ লাইন সংলগ্ন মূল সড়কের ওপর একটি কালভার্ট ভেঙে পড়ে।এতে স্থানীয়দের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।