সীতাকুণ্ডের পাহাড়ে গাছ ভেঙে ঘরে, মা-ছেলের মৃত্যু
ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঝড়ো হাওয়ায় ঘরের ওপর গাছ ভেঙে পড়ে মা-ছেলের মৃত্যু হয়েছে।
শনিবার ভোরে উপজেলার জঙ্গল ছলিমপুরে কালাপানিয়া লোকমানের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- স্থানীয় মোহাম্মদ রফিকের স্ত্রী কাজল বেগম (৪৮) ও তার ছেলে বেলাল হোসেন বাবু (১০)।
স্থানীয়রা জানান, পাহাড়ি এলাকা লোকমানের ঘোনায় পাকা খুঁটি ও বেড়া দিয়ে তৈরি ঘরে থাকতো থাকতেন কাজল বেগম। ভোর সাড়ে ৪টার দিকে ঝড়ো হাওয়ায় একটি গাছ ভেঙে ওই ঘরের ওপর পড়ে।
সীতাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাছ ভেঙে পড়লে ঘরের খুঁটি ভেঙে যায়। এতে ঘরের মধ্যেই চাপা পড়ে দুজনের মৃত্যু হয়।”
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকেও জানানো হয়, ঝড়ের কারণে পাহাড় থেকে ভেঙে পড়া গাছ ঘরের ওপর পড়লে এ ঘটনা ঘটে।
সকাল ১০টার দিকে স্থানীয়দের সহায়তায় পুলিশ লাশ উদ্ধার করেছে বলে সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান জানান।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, শনিবার সকাল ৯টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। আরও পূর্ব-উত্তরপূর্ব দিকে এগিয়ে ঘূর্ণিঝড় রোয়ানু দুপুরের পর চট্টগ্রামের কাছ দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে।
বিরূপ আবহাওয়ার কারণে চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
ঝড়ের প্রভাবে আগের দিন থেকেই চট্টগ্রামসহ উপকূলীয় এলাকাগুলোতে বৃষ্টি চলছে। শুক্রবার সকালে শুরু হয়েছে দমকা বাতাস।
অতি ভারি বর্ষণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসেরও শঙ্কা রয়েছে বলে পূর্বাভাসে সতর্ক করা হয়েছে।
