২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোয়ানু: শাহ আমানতে বিমান ‍উঠানামা বন্ধ

ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে বিরূপ আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2016, 11:39 AM

Updated : 12 Apr 2022, 02:06 AM

এ বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমাণ্ডার রিয়াজুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বিমানবন্দরের সব অপারেশনাল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।”

ঘূর্ণিঝড়ের কারণে বিমানবন্দরের ক্ষতি এড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

খারাপ আবহাওয়ার কারণে চট্টগ্রাম বন্দরের মালামাল খালাস বন্ধ করে দেওয়া হয় শুক্রবারই। শনিবার সকালের মধ্যে ১৬টি জাহাজ জেটি থেকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, সকাল ৯টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বন্দর থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার বন্দর থেকে ১৩৫ কিলোমিটার পশ্চিমে, মংলা থেকে ১৬৫ কিলোমিটার দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৫ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড় রোয়ানু দুপুরের দিকে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

ঝড়ের প্রভাবে আগের দিন থেকেই চট্টগ্রামসহ উপকূলীয় এলাকাগুলোতে বৃষ্টি চলছে। শুক্রবার সকালে শুরু হয়েছে দমকা বাতাস।

অতি ভারি বর্ষণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসেরও শঙ্কা রয়েছে বলে পূর্বাভাসে সতর্ক করা হয়েছে।