২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখন মনে হচ্ছে ট্যাংক আনা লাগবে: সিইসি

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতার পেছনে ‘অসহিষ্ণুতা’কে দায়ী করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2016, 09:13 PM

Updated : 12 Apr 2022, 02:05 AM

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে ইউপি নির্বাচন উপলক্ষে আয়োজিত আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে একথা বলেন তিনি।

পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনের উদাহরণ দিয়ে নির্বাচনী সহিংসতা নিয়ন্ত্রণে কমিশনের ক্ষমতা বাড়ানো উচিত কি না- জানতে চান এক সংবাদকর্মী।

এর উত্তরে সিইসি কাজী রকিব উদ্দিন বলেন, “পশ্চিমবঙ্গেও প্রচুর সহিংসতা হয়েছে। এটা বোধহয় আমাদের উপমহাদেশীয় সংস্কৃতি (সাব-কনটিনেন্ট কালচার)। বিদেশে আমরা এটা দেখি না, সেখানে কোনো পুলিশ থাকে না।

“সিংহভাগ নির্বাচনে কিন্তু আমরা আর্মি পুলিশ বিডিআর র‌্যাব এসব দেই। বিদেশে নির্বাচন কেন্দ্র দেখিয়ে দিতে শুধু ট্রাফিক পুলিশ থাকে, কোনো আমর্ড পুলিশ থাকে না। আমাদের তো এখন মনে হচ্ছে, ট্যাংক আনা লাগবে নির্বাচন করার জন্য।”

রাজনৈতিক ব্যানারে নির্বাচন না হলে সংঘাত ও প্রাণহানি কমত কি না এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, “এটা বলা যায় না। অতীতেও প্রচুর সংঘাত হয়েছে, পরিসংখ্যান দিয়ে সবসময় মেলানো যায় না।

“স্থানীয় সরকার নির্বাচন এতই তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যে, এক ভোটের এদিক ওদিক হলেই লোকে আরেকজনের মাথায় বাড়ি মারতে যায়। আর আমাদের দেশে অসহিষ্ণুতা এখন বেশ মাথা চাড়া দিয়ে উঠেছে। আমরা কেউ কারও কথা শুনতে চাই না।”

নির্বাচনে প্রার্থীদের মনোভাব নিয়েও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব।

“আমরা নিজেরাই সব চাইতে বেশি জানি এবং আমারটাই শেষ কথা। আমিই সব চাইতে উপযুক্ত কেন্ডিডেট, লোকে তো আমাকে ভোট দিবেই।

“ভোটার কাকে ভোট দিল আমি কিন্তু সেটা কেয়ার করছি না। আমি হচ্ছি বিজয়ী। আমি যদি না জিতি, খারাপ হয়েছে। তা হলে আমি লাঠি নিয়ে আসছি।”

নির্বাচন কমিশনের কোনো সিদ্ধান্ত পছন্দ না হলে আইনি পদক্ষেপ নিতে প্রার্থীদের পরামর্শ দেন সিইসি।

তিনি বলেন, ‍“আমাদের প্রতিটি পদক্ষেপ, সিদ্ধান্তের বিপরীতে আপনি হাইকোর্টে-সুপ্রিম কোর্টে যেতে পারেন। সেটাই উচিত, আইনের মাধ্যমে সমস্যার সমাধান করবেন। লোকের মাথায় লাঠির বাড়ি মেরে নয়।

“জনগণের রায়কে শ্রদ্ধা করবেন। লোকে যাকে ভোট দেবে সেই হবে চেয়ারম্যান।”

বার বার দেখানোতেই ‘খারাপ নির্বাচন’

ভোট কেন্দ্র দখল এবং নির্বাচনের পরিবেশ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি ভাষ্য, নির্বাচনী সহিংসতার ‘দু-চারটি বিচ্ছিন্ন ঘটনা’ গণমাধ্যমে বার বার দেখানোতেই নির্বাচন খারাপ হচ্ছে বলে ধারণা তৈরি হয়।

সাংবাদিকদের উদ্দেশে কাজী রকিব বলেন, “আজকের দিনে বাংলাদেশের মিডিয়া অত্যন্ত সবল, আপনাদের উপস্থিতি সব জায়গায়। নির্বাচনের দিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

“আপনারা ভোট কেন্দ্রের ছবি, ভোট গণনা এবং ভোট কেন্দ্রের ভিতরে লাইনের ছবি . . ., ভোট কিভাবে দেওয়া হচ্ছে তা সারা দেশবাসীকে জানান। সেখান থেকে আপনাদের প্রতিবেদকরা আসল ঘটনাটুকু বলেন।”

ভোটের দিন বেশিরভাগ জায়গাতে সুশৃঙ্খলভাবে সুদীর্ঘ লাইন দেখা যায় মন্তব্য করে সিইসি বলেন, ‍“মহিলা, বৃদ্ধ ও প্রতিবন্ধীরা ভোট দিচ্ছে- এ দৃশ্য আপনারাই দেখিয়েছেন।

“অবশ্যই বেশকিছু ক্ষেত্রে বিশৃঙ্খলা-বেআইনি কাজ ইত্যাদি ঘটেছে, সেগুলোও আপনারা দেখিয়েছেন। এই দুই-চারটি ঘটনা বিচ্ছিন্ন ঘটনা; এটাকে বারবার দেখানোর ফলে সবার মনেই একটা ধারণা হয়- সব জায়গাতেই খারাপ নির্বাচন হচ্ছে।”

এ বিষয়ে ভোটের দিনের ভিডিও ও প্রতিবেদনগুলো নিরপেক্ষভাবে সাংবাদিকদের দেখার পরামর্শ দেন প্রধান নির্বাচন কমিশনার।

“আসলে আপনাদের দেখানো ভিডিওগুলো যদি নিরপেক্ষভাবে আপনারাই দেখেন, তাহলে উত্তরটা পাবেন। আশাকরি দেশবাসীও বুঝতে পারবে।

“সব জায়গায় দখল হচ্ছে না। যোগ দেন, যোগ দিলে দেখবেন সুষ্ঠু নির্বাচন হয়েছে। চকরিয়ায় খুব সুন্দর নির্বাচন হয়েছে। বিচ্ছিন্ন ঘটনার জন্যেই দোষটা বেশি হচ্ছে।”

প্রথম ধাপের পর রাতের বেলা ভোট কেন্দ্র দখলের মত ‘বিশ্রী ব্যাপার’ কমে এসেছে বলে দাবি করেন সিইসি।

তিনি বলেন, “তৃতীয় ধাপে কয়েকটি হয়েছে, চতুর্থ ধাপে একটিও (কেন্দ্র দখল) হয়নি। পঞ্চম ধাপের আগে এজন্যই আবার বেরিয়েছি। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করছি- যাতে এ ধরনের ঘটনা না ঘটতে পারে।”

ভবিষ্যতে এরকম ‘বিচ্ছিন্ন ঘটনা’ রোধ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন সিইসি।  

সভায় নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলাম, বিভাগীয় কমিশনার রুহুল আমীন, সিএমপি কমিশনার ইকবাল বাহার, ডিআইজি শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ও পুলিশ সুপার কে এম হাফিজ আক্তার উপস্থিত ছিলেন।