২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মৃতিচারণ আর কবিতায় আবৃত্তিশিল্পী জুয়েলকে স্মরণ

কথামালা আর কবিতায় অকাল প্রয়াত তরুণ আবৃত্তিশিল্পী ও ট্রেড ইউনিয়নকর্মী জোবায়ের জুয়েলকে স্মরণ করলেন তার সহকর্মী-সুহৃদরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2016, 03:46 PM

Updated : 12 Apr 2022, 02:05 AM

বুধবার রাতে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে প্রমা আবৃত্তি সংগঠন এই স্মরণসভার আয়োজন করে।

জোবায়ের জুয়েল (৩২) গত ২০ এপ্রিল মিরসরাইয়ে নিজ বাড়ির পুকুরে ডুবে মারা যান। আবৃত্তির পাশাপাশি যুব ও ট্রেড ইউনিয়ন আন্দোলনের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন তিনি। 

সংগঠনের সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, জোবায়ের জুয়েল সাংস্কৃতিক পরিবর্তনের মাধ্যমে মানবিক সমাজ গড়ার স্বপ্ন দেখতেন। সাম্যের সমাজ গঠনের আন্দোলনের কর্মী হিসেবে স্বল্প সময়ে জুয়েলের অবদান অনস্বীকার্য।

স্মরণসভায় বক্তব্য রাখেন লেখক অধ্যাপিকা ফেরদৌস আরা আলীম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোসাইন কবীর, আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত, কবি জিন্নাহ চৌধুরী, কবি অভীক ওসমান, যুব ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক উজ্জ্বল শিকদার, সাংবাদিক মিন্টু চৌধুরী, প্রীতম দাশ, কবি মনিরুল মনির, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি শিমুল বৈঞ্চব, প্রমা’র সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল।

অনুষ্ঠানে বিভিন্ন আবৃত্তি সংগঠনের প্রতিনিধিরা জোবায়ের জুয়েলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।