চট্টগ্রামে ইয়াবা ব্যবসায়ীকে ১০ বছরের সাজা
এক লাখ ত্রিশ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার এক মাদক ব্যবসায়ীকে ১০ বছরের সাজা দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর এ রায় দেন।
সাজাপ্রাপ্ত সৈয়দ কাশেম (৩০) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ভোদারবিল এলাকার কালাম মিয়ার ছেলে।
চট্টগ্রাম মহানগর আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) ও ৯ (খ) ধারায় করা অভিযোগ প্রমাণ হওয়ায় আসামিকে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
“পাশপাশি ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।”
রায় ঘোষণার সময় আসামি কাশেম আদালতে ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
২০১৪ সালের ৩ অক্টোবর র্যাব-৭ এর একটি দল নগরীর পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার ইয়াবাসহ সৈয়দ কাশেমকে গ্রেপ্তার করে।
পরে কাশেমের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন পাঁচলাইশের হিল ভিউ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তার বাসা থেকে আরও এক লাখ ২৮ হাজার ইয়াবা উদ্ধার করে র্যাব।
এ ঘটনায় পরদিন র্যাব-৭ এর কর্মকর্তা মোখলেছুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন।
কাশেম গ্রেপ্তারের পর র্যাব-৭ এর অধিনায়ক কর্নেল মিফতা উদ্দিন জানিয়েছিলেন, টেকনাফ থেকে ইয়াবা এনে ওই বাসায় মজুদ করা হত। ওই বাসা থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করত কাশেম।
কাশেমের দেওয়া তথ্যের ভিত্তিতে তার গ্রেপ্তারের দিনই নগরীর ফকিরহাট এলাকায় অভিযান চালিয়ে ঢাকা থেকে ইয়াবা কিনতে আসা সম্রাট সরদার (২৩) ও রবিউল পাটোয়ারি (২২) নামের দুই জনকে গ্রেপ্তার করে র্যাব।
এ ঘটনায় করা মামলায় তদন্ত শেষে ২০১৪ সালের ২৯ অক্টোবর তদন্ত প্রতিবেদন দেয় পুলিশ। গত বছরের ২৫ এপ্রিল এ মামলায় অভিযোগ গঠন করা হয়।
পিপি ফখরুদ্দিন চৌধুরী বলেন, জানা মতে সাম্প্রতিক সময়ে বড় ধরনের ইয়াবা চালান অটকের কোনো মামলায় এটাই প্রথম রায়।
রাষ্ট্রপক্ষে ছয় জন এবং আসামি পক্ষে তিন জন সাফাই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার এ রায় দেয় আদালত।
