২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎকেন্দ্রবিরোধী লিয়াকতের বিরুদ্ধে অস্ত্র মামলা

বাঁশখালীর গণ্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া বিএনপি নেতা লিয়াকত আলীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2016, 08:16 PM

Updated : 20 Aug 2022, 12:44 PM

মঙ্গলবার বাঁশখালী থানার এসআই কায়কোবাদ বাদী হয়ে লিয়াকতের বিরুদ্ধে এ মামলা করেন বলে জানান থানার ওসি মো. আলমগীর হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মামলায় লিয়াকতকেই একমাত্র আসামি করা হয়েছে।

এর আগে সোমবার বিকালে গণ্ডামারায় লিয়াকতের বাড়িতে অভিযান চালিয়ে দুটি দেশি বন্দুক, চারটি গুলি ও একটি হ্যান্ডমাইক উদ্ধার করার খবর জানায় পুলিশ। এসময় জিজ্ঞাসাবাদের জন্য লিয়াকতের বাবা দুদু মিয়াকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

ওসি আলমগীর জানান, লিয়াকতের বাবা অসুস্থ হওয়ায় তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

গত ৪ এপ্রিল বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিরোধীতায় বসতভিটা রক্ষা কমিটির ব্যানারে আন্দোলনে পুলিশের সাথে ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হন।

এ আন্দোলনের অগ্রভাগে থাকা বিএনপি নেতা লিয়াকত আলী স্থানীয়দের ‘ভুল বুঝিয়ে’ বিদ্যুৎকেন্দ্রের বিপক্ষে উসকে দিয়েছিলেন বলে বিদ্যুৎকেন্দ্রের পক্ষের লোকজনের অভিযোগ।

আর এ ঘটনায় প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, বিএনপি নেতা লিয়াকত ইউপি নির্বাচনকে ঘিরে ওই এলাকায় পরিস্থিতি অস্থিতিশীল করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে স্থানীয় লোকজনকে ভুল বুঝিয়ে আন্দোলনে নামিয়েছিল।

পুরনো খবর:

বিদ্যুৎকেন্দ্রবিরোধী লিয়াকতের বাড়ি থেকে ‘অস্ত্র উদ্ধার’