২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসলামের বিরুদ্ধে অভিযোগ ‘অবাস্তব ও কল্পনাপ্রসূত’

যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম বিএনপির নেতারা বলছেন,  ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে তার সংশ্লিষ্টতার দাবি ‘অবাস্তব ও কল্পনাপ্রসূত’।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2016, 08:31 PM

Updated : 20 Aug 2022, 12:43 PM

সোমবার এক বিবৃতিতে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, উত্তরের সদস্য সচিব হাজী আবদুল্লাহ আল হাসান এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, “ক্ষমতাসীন অবৈধ সরকার অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে ভিন্ন মত, ভিন্ন পথ ও বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানির অংশ হিসেবে আসলাম চৌধুরীকে ধরেছে।”

বাংলাদেশের সরকার উৎখাতে ইসরায়েলের সঙ্গে ‘ষড়যন্ত্রে’ জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা আসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার সাতদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

মোসাদের সঙ্গে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীর বৈঠকের খবর অবাস্তব-কল্পনাপ্রসূত ও হাস্যকর দাবি করে বিবৃতিতে বলা হয়, তার ব্যক্তিগত সফরের কিছু ছবি নিয়ে সরকার তিলকে তাল করে জনগণের মাঝে প্রপাগন্ডা ছড়াচ্ছে।

বিবৃতিতে বিএনপিনেতারা আসলাম চৌধুরীকে একজন উচ্চশিক্ষিত পরিচ্ছন্ন রাজনীতিবিদ দাবি করে তার মুক্তি দাবি করেন।

এদিকে আসলাম চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে নগরীতে মিছিল সমাবেশ করেছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি।

বিকালে নগরীর কাজীর দেউরী মোড়ে অনুষ্ঠিত সমাবেশ থেকে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি এম এ হালিম, ছালাহ উদ্দিন, অধ্যাপক ইউনুস চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ, সেকান্দর চৌধুরী প্রমুখ।