বিএনপির বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রে সরকার: শাহাদাত
সরকার বিএনপির বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন।
রোববার বিকালে চট্টগ্রাম নগর বিএনপি আয়োজিত চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় অভিযোগপত্র দেওয়ার প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি বলেন, “যে মামলায় খালেদা জিয়াকে চার্জশিটভুক্ত করা হয়েছেম তার এজাহারে উনার নাম ছিল না।
“বিএনপি চেয়ারপারন যখন দেশের গণতন্ত্র, ভোটাধিকার, হাজার কোটি টাকা লুটপাট এবং সজীব ওয়াজেদ জয়ের অবৈধ টাকার ব্যাংক হিসাব তদন্তের দাবি করেছেন, তখনই ষড়যন্ত্রমূলকভাবে নতুন মামলায় চার্জশিট দেওয়া হয়েছে।’’
সরকারের ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে জানান তিনি।
নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, আবুল হাশেম বক্কর, বিএনপিনেতা মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, নাজিম উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।
