তিন ভাইকে হত্যায় ৪ জনের যাবজ্জীবন
আঠারো বছর আগে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জমির বিরোধে তিন ভাইকে হত্যার ঘটনায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফেরদৌস আরা এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- রাঙ্গুনিয়ার জঙ্গল সরফভাটা এলাকার মো. হাসান, তার ছেলে আবুল মনছুর, হাসানের ভাইপো জাহেদুল্লাহ ও মো. শহীদুল্লাহ। এদের মধ্যে হাসান ছাড়া বাকিরা পলাতক।
আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি স্বরূপ পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরফভাটা ইউনিয়েনর বদুনি বাপের বাড়ি এলাকায় মরিচ ক্ষেতের জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে ১৯৯৮ সালে এ হত্যাকাণ্ড ঘটে।
“কিরিচ, তলোয়ার, দা, বটি, ছুরি নিয়ে হামলা করে একসঙ্গে তিন ভাইকে হত্যা করা হয়।”
নিহতরা হলেন- মো. জসিম উদ্দিন (৩০), অনোয়ারুল ইসলাম (৩২) ও সফিউল আলম (৩৯)।
তারা সরফভাটা এলাকার খায়রুজ্জামানের ছেলে। এ ঘটনায় নিহতদের আরেক ভাই মাহবুব আলম বাদি হয়ে মামলা করেন।
৩০২ ধারায় করা অভিযোগ প্রমাণ হওয়ার চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
এরমধ্যে হাসান ও মনছুরকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে বলে জানান অতিরিক্ত পিপি স্বরূপ পাল।
তিনি বলেন, মামলায় আরও ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে। এ মামলায় ১৮ জনের সাক্ষ্য নেওয়া হয়।
১৯৯৮ সালের ৬ জুন মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। নানা আইনি প্রক্রিয়া শেষে ২০০১ সালে মামলার বিচার শুরু হয়।
রাঙ্গুনিয়ার জঙ্গল সরফভাটা এলাকায় পাহাড় সংলগ্ন জমি নিয়ে বদুনী বাপের বাড়ি ও পার্শ্ববর্তী গনজম আলী সরকারের বাড়ির মধ্যে বিরোধ দীর্ঘদিনের।
১৯৯৩ সাল থেকে এ পর্যন্ত ওই জমি নিয়ে বিরোধে মোট নয়জন খুন হয়েছেন। ১৯৯৩ সালে প্রথম খুন হন আবুল হোসেন সওদাগর।
১৯৯৮ সালে দেশে ফেরেন মধ্যপ্রাচ্য প্রবাসী তিন ভাই জসিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম ও সফিউল আলম। আবুল হোসেন খুনের জেরে প্রতিপক্ষের হামলায় খুন হন এই তিন ভাই।
২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে প্রবাসী মো. ইদ্রিছকে গুলি করে হত্যা করা হয়।
চলতি বছরের ১ মার্চ গনজম আলী সরকার বাড়ির উকিল আহমদ ও তার ছেলে ইসমাইল খুন হন।
সবশেষ ২৫ এপ্রিল মো. মনজু ও কাশেম নামের দুই জনকে গুলি কর ও কুপিয়ে হত্যা করা হয়। তারা উকিল আহমদ ও ইসমাইল খুনের মামলার এজাহারভুক্ত আসামি।
