চট্টগ্রামে বিট পুলিশিং কার্যক্রম শুরু
জনগণের কাছে কার্যকর সেবা পৌঁছানোর পাশাপাশি পুলিশের কার্যক্রমকে গতিশীল করতে চট্টগ্রামে চালু হয়েছে ‘বিট পুলিশিং’।
রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তরে এই কার্যক্রমের উদ্বোধন করেন কমিশনার মো. ইকবাল বাহার।
সাংবাদিকদের তিনি বলেন, এলাকার জনসংখ্যা, থানার জনবল, অপরাধের মাত্র ও ধরণ এবং টহলের জন্য সুবিধাজনক পরিধির ওপর ভিত্তি করে এসব বিট গঠন করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার প্রতিটি থানায় পাঁচ থেকে ১০টি করে ১৬টি থানায় মোট ১৪৫টি বিট করা হয়েছে। প্রতিটি বিটে একজন করে এসআইকে বিট অফিসার নিয়োজিত করে তার সঙ্গে একজন এএসআই ও দুই থেকে তিনজন করে কনস্টেবল কর্মরত থাকবেন।
সিএমপি কমিশনার বলেন, ব্রিটিশ আমলে পুলিশের টহল কার্যক্রম পরিচালনার জন্য শহর এলাকাকে কয়েকটি অংশে বিভক্ত করা হতো, যাকে বলা হতো বিট পুলিশিং।
“বিট পুলিশিং কার্যক্রমের ফলে নগরীর প্রতিটি এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা, বসবাসকারীদের কৌশলগত অবস্থানের পাশাপাশি অপরাধ প্রকৃতি ও অপরাধী সম্পর্কে ধারণা পাওয়া যাবে।”
এতে করে এলাকায় কোনো ধরনের অপরাধ ঘটলে জড়িতদের শনাক্ত করা সহজ হওয়ার পাশাপাশি অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়বে বলে তিনি মনে করেন।
ইকবাল বলেন, বিট পুলিশিং কার্যক্রম বাস্তাবায়িত হলে এলাকার পুলিশী দায়িত্ব মামলার তদন্ত, আসামি গ্রেপ্তার, ওয়ারেন্ট তামিল, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার ভিকটিম সাপোর্টসহ বিভিন্ন কার্যক্রম গতিশীল হবে।
পাশাপাশি অপরাধ সংঘটনের স্থান, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য, অপরাধী চিহ্নিতকরণ সহজ ও অপরাধ ও অপরাধী সম্পর্কে তথ্য সংগ্রহ সহজ হবে।
ইকবাল বাহার বলেন, নগরীর ১৬ থানার ১৪৫টি বিটে পুলিশের উর্ধ্বতন উপস্থিতিতে জনসাধারণকে নিয়ে সভাও অনুষ্ঠিত হবে।
বিট পুলিশিংয়ের অংশ হিসেবে সিএমপির দক্ষিণ জোনে জনসংখ্যা অনুপাতে কোতোয়ালী থানায় ১৫টি, চকবাজার, সদরঘাট থানায় সাতটি ও বাকলিয়া থানায় আটটি করে বিট করা হয়েছে।
উত্তর জোনে খুলশী থানায় ১০টি, পাঁচলাইশ থানায় ছয়টি, চান্দগাঁও থানায় ১২টি ও বায়েজিদ বোস্তামী থানায় আটটি বিট থাকবে।
পশ্চিম জোনে পাহাড়তলী থানায় পাঁচটি, আকবর শাহ থানায় ছয়টি, হালিশহর থানায় ১৫টি ও ডবলমুরিং থানায় ১২টি।
বন্দর জোনে বন্দর থানায় নয়টি, ইপিজেড থানায় আটটি, পতেঙ্গা থানায় সাতটি ও কর্ণফুলী থানায় ১০টি করে বিট গঠন করা হয়েছে।
ইকবাল বাহার জানান, এসব বিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের একটি নির্দিষ্ট নম্বরও দেওয়া হয়েছে সিএমপির পক্ষ থেকে। বিট কর্মকর্তা পরিবর্তন করা হলেও নম্বরগুলো ঠিক থাকবে।
একই দিন চট্টগ্রামের ১৬ থানাকে সিসি ক্যামেরার আওতায় আনার অংশ হিসেবে প্রথম পর্যায়ে সাতটি থানায় সিসি ক্যামেরা বসিয়ে এই কার্যক্রমেরও উদ্বোধন করেছেন পুলিশ কমিশনার ইকবাল বাহার।
এগুলো হলো- কোতোয়ালী, চকবাজার, পাঁচলাইশ, খুলশী, ডবলমুরিং, বন্দর ও ইপিজেড।
পরে চট্টগ্রাম নগর পুলিশের মিডিয়া রুমেরও উদ্বোধন করেন সিএমপি কমিশনার।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদুল হাসান ও অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মইনুল ইসলামসহ বিভিন্ন জোনের উপ-কমিশনাররা উপস্থিত ছিলেন।
