টব-বাতি ছাড়া কিছু হয়নি, ভেঙে পড়েছে সেবা: মহিউদ্দিন
চট্টগ্রাম নগরীর পরিচ্ছন্নতা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা এবং যোগাযোগ ব্যবস্থাপনা সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে অভিযোগ করেছেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন চৌধুরী।
শনিবার নগরীর চশমা হিলে জাসদ (ইনু) নেতারা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ অভিযোগ করেন বলে তার একান্ত সচিব মুহাম্মদ ওসমান গণি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ।
শনিবারই নগরীর খাতুনগঞ্জে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) কর্মকর্তা-কর্মচারীদের ফাঁকিবাজ আখ্যা দিয়ে সেবা কার্যক্রম চালাতে হিমশিম খাওয়ার কথা স্বীকার করেন বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিন।
নাছিরের সঙ্গে হোল্ডিং ট্যাক্স নিয়ে মাস খানেক ‘বাকযুদ্ধের’ পর এবার সেবা ব্যবস্থাপনা নিয়ে সরব হলেন মহিউদ্দিন।
চট্টগ্রামের তিনবারের মেয়র মহিউদ্দিনের বক্তব্য উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “জনদুর্ভোগ নিরসন এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত না করে নগরবাসীর উপর করারোপ জনকল্যাণমুখী সরকারের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করবে।
“চট্টগ্রাম মহানগরীতে পরিচ্ছন্নতা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাপনা সম্পূর্ণ ভেঙে পড়েছে। নির্দিষ্ট দুয়েকটি ওয়ার্ডের রাস্তার পাশে ও আইল্যান্ডে ফুলের টব বসানো ও গার্ডেন বাতি জ্বালানো ছাড়া দৃশ্যমান কোনো উন্নয়ন চোখে পড়ে না।”
মেয়র থাকাকালে সিসিসির অধীনে স্কুল-কলেজ, মাতৃসদনসহ স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন মহিউদ্দিন।
এরপরে মঞ্জুর আলম মেয়র থাকাকালে সিসিসির স্বাস্থ্যসেবা ব্যবস্থা দুর্বলে হয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে।
নাছির মেয়র হওয়ার পর বাড়ানো হয়েছে সিসিসি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতন। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় বন্ধ হয়েছে কয়েকটি স্বাস্থ্যসেবা কেন্দ্রও।
মহিউদ্দিন বলেন, “চট্টগ্রাম বন্দর-রেলওয়েসহ অনেক সরকারি আধা-সরকারি সংস্থার কাছে বকেয়া শতশত কোটি টাকার রাজস্ব আদায় হলে নগরবাসীর হোল্ডিং ট্যাক্স বাড়ানোর প্রয়োজন পড়ে না।
“তা হলেই সিটি করপোরেশনের সেবা খাতের মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের জোয়ার বইবে।”
চট্টগ্রামের ‘স্বার্থের’ বিষয়ে মন্ত্রী-সাংসদদের সমালোচনা করে মহিউদ্দিন বলেন, “চট্টগ্রামের স্বার্থের কথা বললেই অনেক মন্ত্রী-সাংসদ ও মহারথীরা বাঁকা চোখে দেখেন এবং বিব্রত বোধ করেন।
“কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর জনগণের কাছ থেকে দূরে সরে যান। তাদের একমাত্র ব্রত হয় পদ ও ক্ষমতা আঁকড়ে ধরা।”
চট্টগ্রামের স্বার্থরক্ষা ও উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার প্রশংসা করে তিনি বলেন, “স্থানীয় নেতৃত্ব চট্টগ্রামের স্বার্থ ও সঠিক উন্নয়ন পরিকল্পনা এবং চট্টগ্রামবাসীর অগ্রাধিকার ভিত্তিক চাওয়া-পাওয়া তার (প্রধানমন্ত্রী) কাছে তুলে ধরতে ব্যর্থ। এই ব্যর্থতা দুর্ভাগ্যজনক।
গত ২১ মার্চ নগরীর হোল্ডিং ট্যাক্স পুনঃমূল্যায়নের কাজ শুরু করেন মেয়র নাছির। এরপর বিভিন্ন সময়ে নাছির ও মহিউদ্দিন এর পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে কথার লড়াইয়ে জড়িয়েছেন।
গত ১ ও ৩ মে একাধিক অনুষ্ঠানে দুই নেতা হোল্ডিং ট্যাক্স বাড়ানোর পক্ষে-বিপক্ষে বিভিন্ন বক্তব্য দেন। কয়েকদিন চুপ থাকার পর আবার এ বিষয়ে সরব হলেন মহিউদ্দিন।
সভায় জাসদ নেতা জসিম উদ্দিন বাবুল, বেলায়েত হোসেন, আবুল কাসেম, আমিনুর রসুল, অভিক ওসমান, তপন চৌধুরী, আহমদ সরিফ ও সেলিম চৌধুরী অংশ নেন।
