হরতালে চট্টগ্রামে মাঠে নেই জামায়াত
যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের পর তার দল জামায়াতে ইসলামীর ডাকা হরতালে চট্টগ্রামে মাঠে নেই নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকালে নগরীতে যানচলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে। অন্য দিনের মতো না হলেও দূরপাল্লার যানও চলাচল করছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান চালু রয়েছে।
আগের দিন নিজামীর গায়েবানা জানাজা নিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হলেও হরতালের সকাল থেকে চট্টগ্রামের কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকে নগরীর কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খরব পাওয়া যায়নি।
হরতাল উপলক্ষে নগরীতে দুই হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
সকাল থেকে নগরীর কোথাও জামায়াত-শিবির নেতাকর্মীদের দেখা পাওয়া যায়নি। সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী উপজেলাতেও কোনো ধরনের মিছিল-মিটিং বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।
চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) কামরুল হাসান বলেন, “দক্ষিণ চট্টগ্রামের কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী যানবাহন কিছুটা কম থাকলেও পণ্যবাহী যান চলাচল স্বাভাবিক আছে বলে জানিয়েছেন তিনি।
আইনি লড়াইয়ের নিষ্পত্তি শেষে বুধবার প্রথম প্রহরে যুদ্ধাপরাধী জামায়াত আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে।
এরপর জামায়াতের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তিন দিনের কর্মসূচির ঘোষণা আসে, যার মধ্যে বৃহস্পতিবার দিনব্যাপী হরতালের কথা বলা হয়।
