নিজামীর ফাঁসি কার্যকরে চট্টগ্রামে আনন্দ মিছিল
মানবতাবিরোধী অপরাধে একাত্তরের বদর কমান্ডার মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছে চট্টগ্রাম গণজারগণ মঞ্চ।
বুধবার নগরীর প্রেসক্লাব, চেরাগী পাহাড় মোড় হয়ে আন্দরকিল্লা পর্যন্ত এ আনন্দ মিছিল হয়।
আনন্দ মিছিল শেষে নগরীর চেরাগী পাহাড় মোড়ে এক সমাবেশে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান বলেন, স্বাধীনতা যুদ্ধে বিজয়ের প্রাক্কালে দেশের সূর্যসন্তানদের হত্যার নেতৃত্ব দিয়েছিল বদর কমান্ডার নিজামী।
সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “স্বাধীনতাবিরোধীদের প্রশ্রয়ে ফুলে-ফেপে উঠা এ অপশক্তিকে প্রতিরোধ করতে এ বিচারের পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তুলতে হবে।”
সমাবেশে অন্যদের মধ্যে উদীচী চট্টগ্রাম জেলার সহ-সভাপতি সুনীল ধর, কবি আশীষ সেন, মুক্তিযোদ্ধা কাজী নুরুল আফছার, প্রজন্ম ৭১’র চট্টগ্রাম জেলার সভাপতি সলিল চৌধুরী, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি শিমুল বৈষ্ণব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম জেলার সভাপতি আল কাদেরী জয়, গণজাগরণ মঞ্চের সংগঠক প্রীতম দাশ ও রুবেল দাশ প্রিন্স উপস্থিত ছিলেন।
