চট্টগ্রামে পাশের হার ও জিপিএ-৫ বেড়েছে
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার এসএসসিতে পাশের হারের সঙ্গে বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।
বুধবার ঘোষিত এসএসসির ফলাফলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার পাশ করেছে ৯০ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী। গতবার এই হার ছিল ৮২ দশমিক ৭৭ শতাংশ।
এবার চট্টগ্রাম বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ৬৬৬ জন, যা গতবারের চেয়ে ৫৫০ জন বেশি। গতবার এ সংখ্যা ছিল সাত হাজার ১১৬।
বুধবার সকালে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাহবুব হাসান।
তিনি জানান, এবার এক লাখ ১৩ হাজার ২৮৭ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ১৩ হাজার ৭০ জন।
তাদের মধ্যে বিজ্ঞানে ৯৫ দশমিক ৯১ শতাংশ, মানবিকে ৮৩ দশমিক ৮২ ও ব্যবসায় শিক্ষায় ৯১ দশমিক ৬২ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে।
এবার তিন পার্বত্য জেলা এবং মানবিক বিভাগে শিক্ষার্থীরা ভালো ফল করেছে বলে মাহবুব হাসান জানান।
গণিতে শিক্ষার্থীদের ভালো করার কথা জানিয়ে তিনি বলেন, “গতবার গণিতে প্রথমবারের মতো সৃজনশীল ছিল, তাই ফলাফল কিছুটা খারাপ হয়েছিল। এবার গণিতে সৃজনশীল পদ্ধতি আয়ত্ত করতে পারায় পরীক্ষার্থীরা ভালো ফল করেছে।”
গতবার এএসসিতে গণিতে পাশের হার ছিল ৯১ শতাংশ, এবার এ বিষয়ে ৯৬ দশমিক ৮১ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে বোর্ড সচিব অধ্যাপক ড. পিযুষ দত্ত, সিনিয়র সিস্টেম এনালিস্ট কিবরিয়া মাসুদ খান উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের মধ্যে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে কলেজিয়েট স্কুল থেকে ৩৭৯ জন।
এবার চট্টগ্রাম মহানগরে পাশ করেছে ৯৫ দশমিক ৩৩ শতাংশ শিক্ষার্থী। জেলায় এ হার ৯০ দশমিক ৩৭ শতাংশ।
কক্সবাজার জেলায় পাশের হার ৯১ দশমিক ২৭, রাঙামাটিতে ৮৪ শতাংশ, খাগড়াছড়িতে ৭৮ দশমিক ৭৪ শতাংশ এবং বান্দরবানে ৮২ দশমিক ৬৪ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৮৮টি।
