মেটলাইফ ফাউন্ডেশনের সাড়ে ৭ লাখ ডলার অনুদান পেল এইউডব্লিউ
চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) অ্যাকসেস একাডেমি প্রোগ্রামে সাড়ে সাত লাখ ডলার অনুদান দেবে মেটলাইফ ফাউন্ডেশন।
সোমবার এইউডব্লিউ ক্যাম্পাসে এক অনুষ্ঠানে এ বিষয়ে জানানো হয়।
মেটলাইফ ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি মুনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ সংক্রান্ত চুক্তি হয়েছে। সোমবার আনুষ্ঠানিকভাবে জানানো হলো।
“তিন বছরে মোট সাড়ে সাত লাখ ডলার অনুদান দেওয়া হবে। এতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকসেস একাডেমির মোট সাড়ে ৪০০ শিক্ষার্থী সুবিধা পাবেন।”
অনুষ্ঠানে এইউডব্লিউ সাপোর্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল আহমাদ বলেন, অ্যাকসেস একাডেমি সামাজিক ও অর্থনৈতিক সুবিধাবঞ্চিত নারীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করবে। নারীদের উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টিতে এক সঙ্গে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ হয়েছে মেটলাইফ ফাউন্ডেশন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেটলাইফের রিজিওনাল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (বাংলাদেশ, নেপাল ও মিয়ানমার) মো. নূরুল ইসলাম, চিফ ডিস্ট্রিবিউশন অফিসার মো. জাফর সাদেক চৌধুরী, চিফ মার্কেটিং অফিসার ও জিএম সৈয়দ হাম্মাদুল করিম, এইউডব্লিউর চিফ অপারেটিং অফিসার ওমর শরীফ, অ্যাডমিশন বিভাগের পরিচালক রেহানা আলম খান এবং ডিন অব দ্য ফ্যাকাল্টি জন শোয়েডার।
অ্যাকসেস একাডেমি এইউডব্লিউর এক বছর মেয়াদী ফ্ল্যাগশিপ কর্মসূচি, যার আওতায় শিক্ষার্থীরা স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষার জন্য প্রস্তুত হয়।
এই একাডেমিতে ইংরেজি ভাষা, কম্পিউটার ও গণিতে দক্ষতা এবং লিবারেল আর্টস বিষয়ে শিক্ষার ভিত্তি তৈরি করা হয়।
এইউডব্লিউ থেকে এ পর্যন্ত এশিয়া ও মধ্যপ্রাচ্যের ১৫টি দেশের প্রায় ৩০০ শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করেছেন।
