চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় শিক্ষক নিহত
চট্টগ্রাম নগরীর খুলশী থানার জাকির হোসেন সড়কে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক শিক্ষক নিহত হয়েছেন।
নিহত শিক্ষকের নাম ঝিনানন্দ বড়ুয়া (৫৫)। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া গ্রামের বড়ুয়া পাড়ার মৃত প্রফুল্ল কুমার বড়ুয়ার ছেলে।
নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় ১২৫ মাঝিরঘাট রোডে থাকতেন ঝিনানন্দ। নগরীর সরকারি হাজী মুহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিলেন তিনি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে নিয়ে ওই শিক্ষককে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনানন্দকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আবদুল আউয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উনার মোটর সাইকেলটি পেছনে থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিয়ে চলে যায়।
“এরপর তিনি সড়কের উপর পড়ে ছিলেন। কেউ এগিয়ে আসছিল না। আমি নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে এ ঘটনা দেখতে পাই। পরে কয়েকজনের সহযোগিতায় তাকে হাসপাতালে নিয়ে যাই।”
