চট্টগ্রামে বরিশাল কলোনি থেকে ফেন্সিডিল-গাঁজাসহ গ্রেপ্তার ২
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৭৬ বোতল ফেন্সিডিল ও পাঁচ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার বিকেল ৩টার দিকে কোতোয়ালী থানা এলাকার আইস ফ্যাক্টরি রোডের বরিশাল কলোনিতে এ অভিযান চালানো হয় বলে জানান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আনোয়ার হোসেন।
গ্রেপ্তার মাসুমা খাতুন (৫০) চাঁদপুর জেলার কচুয়ার ও রাসেল মিয়া (১৯) মতলবের স্থায়ী বাসিন্দা। চট্টগ্রামে তারা বরিশাল কলোনিতে থাকতেন।
অতিরিক্ত উপ-কমিশনার আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদে পুরো বরিশাল কলোনি ঘিরে অভিযান চালানো হয়। এসময় ৪৭৬ বোতল ভারতীয় ফেন্সিডিল ও পাঁচ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, কুমিল্লা থেকে ট্রেনে ফেন্সিডিল ও গাঁজা এনে কলোনিতে মজুদ করা হয়। পরবর্তীতে নগরীর বিভিন্ন স্থানে বিক্রি করা হয়।
“আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে প্রতি সপ্তাহে কলোনির ভিন্ন ভিন্ন স্থানে মাদক লুকিয়ে রাখা হয় বলেও তারা স্বীকার করেছেন।”
বরিশাল কলোনি নগরীর মাদকের অন্যতম প্রধান আখড়া হিসেবে পরিচিত। বিভিন্ন সময় সেখানে অভিযান চালাতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলার মুখেও পড়েছে পুলিশ।
