২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীর বিদ্যুৎকেন্দ্র নিয়ে সংঘর্ষ: পুলিশের মামলায় গ্রেপ্তার ২

চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারায় কয়লা বিদ্যুৎকেন্দ্র নিয়ে সহিংসতার ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগের মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2016, 12:31 PM

Updated : 20 Aug 2022, 12:39 PM

শুক্রবার রাজধানীর ধানমণ্ডি থেকে গ্রেপ্তারের পর রাতে তাদের নিয়ে গণ্ডামারায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারের দাবিও করেছে পুলিশ।

গ্রেপ্তারদের মধ্যে মো. আলী নবী (৪৫) গণ্ডামারার আমীর আলীর ছেলে। অন্যজন শফিউল আলম (২৯) স্থানীয় সোয়াজ আলম তালুকদারের ছেলে।

বাঁশখালী থানার ওসি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর ধানমণ্ডি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

“পরে তাদের নিয়ে অভিযানে রাত পৌনে ২টার দিকে গণ্ডামারা ব্রিজের পশ্চিম পাশের মাটি খুঁড়ে একটি একনলা বন্দুক, একটি এলজি ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।”

আলী নবী ও শফিউল আলম পুলিশের ওপর হামলার মামলায় এজাহারভুক্ত আসামি বলে জানান ওসি আলমগীর।

৪ এপ্রিল চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারায় বেসরকারি এস আলম গ্রুপের মালিকানাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে পক্ষে-বিপক্ষের লোকজন সমাবেশের ডাক দেয়।

এতে সংঘর্ষের ঘটনায় গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার অভিযোগে একটি মামলা করেন।

ঘটনার প্রায় এক মাস পর ওই মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হল।