২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নারীর মৃত্যু, স্বামীর নির্যাতনে আত্মহত্যার অভিযোগ

চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে, যিনি ‘স্বামীর নির্যাতন’ সইতে না পেরে ‘বিষপানে আত্মহত্যা’ করেছেন বলে ধারণা করছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2016, 10:15 PM

Updated : 20 Aug 2022, 12:38 PM

নিহত নাসরিন আফরোজার (২৮) স্বামীর নাম মো. সোহেল। এই দম্পতি লালখান বাজারের হাইলেভেল রোডে জালাল হাজীর ভবনে ভাড়া থাকতেন।

শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ।

নিহতের স্বজনদের বরাত দিয়ে নায়েক হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাসরিন প্রায়শই স্বামীর নির্যাতনের শিকার হতেন।

“শুক্রবার সন্ধ্যায় নির্যাতনের এক পর্যায়ে নাসরিন বিষ পান করেন। রাত ৮টার দিকে তাকে হাসপাতালে আনা হলে এরপর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

নির্যাতনের অভিযোগ অস্বীকার করে নিহতের স্বামী সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন নাসরিন। সেখানে থেকে এসে অসংলগ্ন আচরণ করতে শুরু করে।

“শুক্রবার সন্ধ্যায় বাথরুমে ঢুকে বিষ পান করে।”