২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামেও পেশাজীবীদের ‘আলগা স্টিকার’ নিয়ে নির্দেশনা আসছে

ঢাকার পর চট্টগ্রামেও কোনো যানবাহনে সাংবাদিক, পুলিশ, আইনজীবী আর মানবাধিকারকর্মীর স্টিকার ব্যবহার না করার নির্দেশনা দিতে যাচ্ছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2016, 06:47 PM

Updated : 20 Aug 2022, 12:38 PM

বৃহস্পতিবার বিকালে সিএমপি কমিশনার ইকবাল বাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েকদিনের মধ্যেই সংবাদ সম্মেলন করে চট্টগ্রামেও এই ধরনের নির্দেশনা জারি করা হবে।”

তিনি আরও বলেন, পুলিশের গাড়িতে ‘স্টিকার’ লাগানোর বিষয়টি আগেই নিষেধ ছিল। কয়েকদিনের মধ্যে অন্যান্য গাড়িতেও কোনো ধরনের স্টিকার না লাগানোর নির্দেশনা দেওয়া হবে।

আইন মেনে গাড়ি চালালে সেখানে কোনো ধরনের স্টিকার লাগানোর প্রয়োজন হয় না বলেও মনে করেন সিএমপি’র নতুন কমিশনার ইকবাল বাহার।

বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া প্রতিষ্ঠানের নামাঙ্কিত স্টিকার ছাড়া ‘আলগা’ কোনো স্টিকার গাড়িতে লাগানো যাবে না বলে নির্দেশনা দিয়েছেন।  

বন্দরনগরী চট্টগ্রামে ‘সাংবাদিক-পুলিশ-আইনজীবী-মানবাধিকারকর্মী’ স্টিকার লাগিয়ে অহরহ চলাচল করছে মোটর সাইকেল, প্রাইভেট কার, অটোরিকশার পাশাপাশি মিনি ট্রাকও।

এসব পরিচয় ব্যবহার করে চলাচল করা যানবাহনগুলো ধরতে অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় বলে জানান অনেক পুলিশ কর্মকর্তা।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন পূববর্তী সময়ে মোটর সাইকেলে ‘প্রেস’ স্টিকার লাগিয়ে নগরীর বিভিন্ন এলাকায় বোমাবাজি ও নাশকতা করেছিল ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা।

এদিকে গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক সময় চোরাই মোটর সাইকেল ‘প্রেস’সহ বিভিন্ন ধরনের স্টিকার ব্যবহার করে চলাচল করে।

২০১৪ সালের জুন মাসে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটর সাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। যাদের কাছ থেকে বেশকিছু ‘প্রেস’ লেখা স্টিকার উদ্ধার করেছিল গোয়েন্দা পুলিশ।

এসময় পুলিশকে তারা জানিয়েছিল চোরাই মোটর সাইকেলগুলো গন্তব্যে কিংবা ক্রেতার কাছে পৌঁছে দিতে তারা প্রেস স্টিকার ব্যবহার করে।

পুরনো খবর:

গাড়িতে পুলিশ সাংবাদিক আইনজীবী লেখা ‘আলগা স্টিকার নয়’