চট্টগ্রামে বাড়ির ছাদে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ
চট্টগ্রামের খুলশী ওয়াসার মোড় এলাকার এক বাড়ির ছাদ থেকে এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মো. ইসহাক (৫০) নামের ওই ব্যক্তি কৃষি ব্যাংক মদনহাট শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। তার বাড়ি চাঁদপুরে।
খুলশী থানার ওসি নিজাম উদ্দিন জানান, ওয়াসার মোড়ে পাঁচ তলা ওই ভবনের একটি ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে স্ত্রী ও মেয়েকে নিয়ে বসবাস করে আসছিলেন ইসহাক। শ্বশুবাড়ির দিক থেকে তিনি ওই ফ্ল্যাট পেয়েছিলেন।
“বৃহস্পতিবার সকালে ভবনের ছাদে পানির ট্যাংকে ওঠার জন্য লাগানো লোহার সিঁড়ির সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইসহাকের লাশ পাওয়া যায়। তার পরনে ছিল লুঙ্গি আর শার্ট।”
পরিবারের সদস্যরা পুলিশকে বলেছেন, অন্য দিনের মতোই রাতের খাবার খেয়ে ‘স্বাভাবিকভাবে ঘুমাতে গিয়েছিলেন’ ইসহাক। সকালে ছাদে তার লাশ পাওয়া যায়।
ওসি বলেন, “তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট তথ্য দেওয়া যাবে।”
তিনি জানান, ইসহাকের স্ত্রী বেশ কয়েক বছর ধরে মানসিকভাবে অসুস্থ। এ নিয়ে ইসহাক দুশ্চিন্তায় ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।
