চট্টগ্রামে দুইদিনের বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
ক্ষুদে বিজ্ঞানীদের তৈরি ১৩০টি প্রকল্প নিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা’ ১৬।
বুধবার সকালে নগরীর মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী পরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্ট যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।
‘টেকসই উন্নয়নে চাই টেকসই প্রযুক্তি’ স্লোগান নিয়ে এবারের মেলায় পাঁচটি গ্রুপে ভাগ হয়ে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা নিজেদের প্রকল্প উপস্থাপন করে।
“সহজে এবং ভালো চাকরির জন্যে বিবিএ, এমবিএ, সিএ পড়তে আগ্রহী হয়ে উঠছে বিজ্ঞানের মেধাবী শিক্ষার্থীরা। এটি বিজ্ঞান বিভাগের জন্য দুর্ভাগ্যের।”
সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন বলেন, বিজ্ঞানমনস্ক জাতি গঠনে বিজ্ঞানমনস্ক তরুণ প্রজন্ম গড়ে তুলতে হবে। সে লক্ষ্যেই এ মেলার আয়োজন।
বিজ্ঞান মেলায় প্রকল্প প্রদর্শনের পাশাপাশি আছে বিতর্ক প্রতিযোগিতা। এছাড়া কুইজ প্রতিযোগীতায়ও অংশ নেয় শিক্ষার্থীরা।
উদ্বোধনীতে আমন্ত্রিত অতিথি এবং শিক্ষার্থীরা এসব প্রকল্প ঘুরে ঘুরে দেখেছেন এবং খুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার প্রশংসা করেছেন।
এ সময় অন্যদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহা. শফিকুল ইসলাম, নগর পুলিশের কমিশনার মো. ইকবাল বাহার ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন উপস্থিত ছিলেন।
