চট্টগ্রামে টিকেট কালোবাজারি চক্রের ‘হোতা’ গ্রেপ্তার
চট্টগ্রাম রেল স্টেশনে টিকেট কালোবাজারি চক্রের ‘হোতা’কে টিকেট ও নগদ টাকাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার বোরহান উদ্দিন (৩৫) কক্সবাজার জেলার পেকুয়ার বাসিন্দা; থাকেন নগরীর সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি।
সোমবার রাতে নতুন রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রামের জিআরপি থানার ওসি হিমাংশু দাশ রানা জানিয়েছেন।
তার বিরুদ্ধে টিকেট কালোবাজারির একাধিক মামলা আছে জানিয়ে ওসি হিমাংশু বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় মঙ্গলবার বোরহানকে আদালতে হাজির করা হবে।
চট্টগ্রাম রেল স্টেশন কেন্দ্রিক একাধিক টিকেট কালোবাজারি সক্রিয় থাকার অভিযোগ আছে দীর্ঘদিন ধরেই।
স্টেশনের কাউন্টারে টিকেট না পেলেও সাধারণ যাত্রীরা কালোবাজারিদের সাথে যোগাযোগ করে টিকেট সংগ্রহ করেন।
