চট্টগ্রামে গাড়িচাপায় অটোআরোহী শিশুর মৃত্যু
চট্টগ্রামের পাঁচলাইশে পাজেরোর চাপায় অটোরিকশা আরোহী ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকালে ষোলশহর এলাকার মেয়র গলির সামনে এ ঘটনা ঘটে বলে পাঁচলাইশ থানার এসআই প্রভাকর বড়ুয়া জানান।
নিহত মো. রাসেলের বাড়ি ভোলার চরফ্যাশনে। মা ও নানীর সঙ্গে কয়েকদিন আগে চট্টগ্রামের বায়েজিদ এলাকায় মামার বাসায় বেড়াতে এসেছিল সে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে প্রভাকর জানান, বাড়ি ফেরার জন্য সকালে ওই বাসা থেকে রাসেল, তার মা ও দুই আত্মীয় অটোরিকশায় করে বাস ধরতে যাচ্ছিলেন। পথে তারা দুর্ঘটনায় পড়েন।
“ষোলশহর মেয়র গলির সামনে একটি পাজেরো রাসেলদের অটো রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাসেল, তার মা ও দুই আত্মীয় আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া জানিয়েছেন।
রাসেলের মাসহ তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
