২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মন্দিরের দেয়াল ঘেঁষে রাস্তা সম্প্রসারণের প্রতিবাদ

চট্টগ্রামের কৈবল্যধাম মন্দিরের দেয়াল ঘেঁষে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে ভক্ত ও সেবায়েতরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2016, 03:46 PM

Updated : 20 Aug 2022, 12:35 PM

শনিবার পাহাড়তলীর উত্তর কাট্টলিতে মন্দিরের সামনে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মন্দির কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় না করে স্থানীয় কাউন্সিলর জহুরুল ইসলাম জসিম ‘একতরফাভাবে’ রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করেছেন।

“জেলা প্রশাসক ও সিটি মেয়র মন্দির কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে রাস্তার কাজ করতে বললেও স্থানীয় কাউন্সিলর সেটাকে পাত্তা দিচ্ছেন না। এর ফলে ভক্ত ও সেবায়েতরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন,” বলেন মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট চন্দন বিশ্বাস।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মগুরু রাম ঠাকুরের স্মৃতি ধন্য শ্রী শ্রী কৈবল্যধাম মন্দিরটি ১৯৩০ সালে প্রতিষ্ঠিত হয়।

সিটি করপোরেশনের (সিসিসি)-র কিছু জায়গা মন্দিরের সীমানার মধ্যে, আবার মন্দিরের কিছু জায়গা সিটি করপোরেশনের সড়কের মধ্যে আছে বলে চন্দন জানান।

“চলতি মাসের শুরুতে জেলা প্রশাসক, সিসিসি প্রতিনিধি ও স্থানীয়রা একটি যৌথ সার্ভে করে ৩৫ গন্ডা জায়গায় খুটি গেঁড়ে দিয়ে সমন্বয় শেষে কাজ শুরু করার পরামর্শ দেন। কিন্তু স্থানীয় কাউন্সিলর সেই পরামর্শ না মেনেই কাজ শুরু করেন", অভিযোগ তার।

চন্দন একইসঙ্গে ‘মন্দিরের সীমানার মধ্যে থাকা কাউন্সিলর জহুরুলের অবৈধ স্থাপনা উচ্ছেদে’ও প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

‘রাস্তা সম্প্রসারণের নামে জায়গা দখলের অভিযোগে’ ফেব্রুয়ারির ২৪ তারিখ একই কাউন্সিলের বিরুদ্ধে স্মারকলিপিও দিয়েছিল মন্দিরের ভক্ত ও সেবায়েতরা।

তবে ‘মন্দিরের জমিতে রাস্তা সম্প্রসারণের' অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর জহুরুল ইসলাম।

তিনি বলেন, “রাস্তা সম্প্রসারণ যেখানে হচ্ছে, তা সিসিসির নিজস্ব জায়গা। এখানে সমন্বয়ের কি দরকার?”

তবে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিবাদের মুখে রাস্তা সম্প্রসারণের কাজ ‘বন্ধ রাখা হয়েছে’ বলেও জানান তিনি।