সাবেক উপ-সচিবের স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
সম্পদের বিবরণীতে তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক হওয়ার অভিযোগে চট্টগ্রামে সাবেক এক উপ-সচিবের স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
মামলার আসামি দিলরুবা খানম সাবেক উপ-সচিব আবু মো. নুরুল ইসলামের স্ত্রী। তার বাড়ি হাটাহাজারি উপজেলার খন্দকিয়া গ্রামে। চট্টগ্রামে তারা থাকেন নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে।
দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান মঙ্গলবার রাতে নগরীর ডবলমুরিং থানায় দিলরুবার বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।
মামলার বরাত দিয়ে দুদকের উপ-সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দিলরুবা খানম এক কোটি ৮৮ লাখ ২৭ হাজার ৭৭৭ টাকার সম্পদের মালিক। কিন্তু দুদকে জমা দেওয়া হিসাব বিবরণীতে তিনি ৩৮ লাখ ২৭ হাজার ৭৭৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
এ কারণে দুর্নীতি দমন কমিশন আইনের ২৬ (২) ও ২৭ (১) ধারায় এ মামলা করা হয়েছে বলে জানান দুদক কর্মকর্তা সাধন।
