২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি শিক্ষক সমিতির নেতৃত্বে ফের সরকার সমর্থকরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃত্বে থাকছে সরকার সমর্থিত শিক্ষকদের ‘হলুদ দল’।  

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2016, 08:24 PM

Updated : 20 Aug 2022, 12:32 PM

মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে সমিতির সব পদে নির্বাচিত হয়েছেন ‘বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজের’ ব্যানারে আওয়ামী লীগ ও বাম ধারার সমর্থক শিক্ষকরা।

গত কয়েক বছর ধরে চবি শিক্ষক সমিতির নেতৃত্বে আছে হলুদ দল।

এবার সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এ এফ এম আওরঙ্গজেব। আর ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য হয়েছেন সাধারণ সম্পাদক।

বাণিজ্য অনুষদ গ্যালারিতে সকাল ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে বিকালে প্রধান নির্বাচন কমিশনার উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক এম এ গফুর ফল ঘোষণা করেন।

তিনি জানান, এবারের নির্বাচনে ৮৬২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৭১৯ জন শিক্ষক। এদের মধ্যে গত ১৯ ও ২১ এপ্রিল ১২২ জন শিক্ষক আগাম ভোট দিয়েছেন।

সভাপতি হওয়ার পথে অধ্যাপক আওরঙ্গজেব পেয়েছেন ৪৪৭ ভোট।

তার প্রতিদ্বন্দ্বি ‘ধর্মীয় মূল্যবোধ ও বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে উজ্জীবিত’ ব্যানারে নির্বাচেন অংশ নেওয়া বিএনপি সমর্থক ‘সাদা দলের’ প্রার্থী দর্শন বিভাগের অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী পেয়েছেন ২৩৫।

সাধারণ সম্পাদক পদে হলুদ দলের সুকান্ত ভট্টাচার্য ৪১৮ ও সাদা দলের প্রার্থী প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আতিয়ার রহমান পেয়েছেন ২৪৭ ভোট।  

সহ-সভাপতি পদে ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের অধ্যাপক খালেদ মিসবাহুজ্জামান, কোষাধ্যক্ষ পদে ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক অলক পাল এবং যুগ্ম-সম্পাদক পদে পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মহসীন জয়ী হয়েছেন।

এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন অধ্যাপক মো. আলাউদ্দিন, কুন্তল বড়ুয়া, অধ্যাপক মাহবুবুল হক, শাহেদুল কাদের, সবুজ চৌধুরী, সাজেদা আক্তার।

এবছর নির্বাচনে প্রত্যেকটি পদে সাদা দলের প্রার্থীরা দ্বিগুণ ভোটের ব্যবধানে পরাজিত হলেও যুগ্ম-সম্পাদক পদে হলুদ দলের প্রার্থী মো. মহসীনের কাছে ১১ ভোটে হেরেছেন সাদা দলের প্রার্থী যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ যাকারিয়া।

মহসীন পেয়েছেন ৩৪২ ভোট আর যাকারিয়া পেয়েছেন ৩৩১ ভোট।