২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘মলম পার্টি’র ৪ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2016, 04:42 PM

Updated : 20 Aug 2022, 12:31 PM

বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত নগরীর বায়েজিদ বোস্তামী, বন্দর ও ডবলমুরিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- আব্দুল খালেক (৩০), আমির হোসেন (৪৫), মো. হাছান (২৬) ও ইব্রাহীম (৩৬)।

মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তারকৃতরা যাত্রীবেশে অটোরিকশায় উঠে অন্য যাত্রীর চোখে মলম লাগিয়ে ও গলায় গামছা পেঁচিয়ে টাকা পয়সা ছিনিয়ে নেয়।

“গত ৬ এপ্রিল মোহাম্মদ হোসেন নামে এক ব্যক্তি মুরাদপুর থেকে অটোরিকশায় করে হাটহাজারি যাচ্ছিলেন। এসময় গ্রেপ্তারকৃতদের মধ্যে খালেক ওই অটোরিকশার চালক ছিলেন এবং অন্যরা যাত্রী বেশে উঠেছিলেন। পথে আমিন কলোনি এলাকায় হোসেনের কাছ থেকে টাকা পয়সা ও মোবাইল ছিনিয়ে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরিয়ে অক্সিজেন এলাকায় পৌঁছালে অটো রিকশার ইঞ্জিন বন্ধ হয়ে যায়।”

এসময় হোসেন চিৎকার শুরু করলে তারা অটো রিকশা ফেলে পালিয়ে যায় বলে পুলিশ কর্মকর্তা মহসিন জানান।

তিনি বলেন, “বিষয়টি থানায় অভিযোগ করলে পুলিশ অটোরিকশাটি আটক করে তদন্তে নামে। শনিবার থেকে রোববার দুপুর পর্যন্ত বায়েজিদ বোস্তামী, বন্দর ও ডবলমুরিং থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।”

এরা আগেও নগরীর বিভিন্ন থানায় গ্রেপ্তার হয়েছিল জানিয়ে ওসি বলেন, এক বাসযাত্রীকে অজ্ঞান করে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগে হাছান ছাড়া অন্যরা কুমিল্লার দাউদকান্দি থানায় গ্রেপ্তার হয়েছিলেন।

সে মামলাসহ আরও কয়েকটি মামলায় তারা সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেও জানান ওসি মহসিন।

তিনি বলেন, “গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন ৬ এপ্রিল হোসেনের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার দিন অটোরিকশাটির চালক ও অন্যরা যাত্রী হিসেবে উঠেছিলেন।”