চট্টগ্রামে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ কর্মশালায় মন্ত্রিপরিষদ সচিব
ন্যায়নিষ্ঠ থাকতে গিয়ে সরকারি কর্মকর্তাদের ওপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ‘খড়গ’কে বাস্তবতা হিসেবে দেখতে পরামর্শ দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
শনিবার নগরীর সার্কিট হাউজে “জাতীয় শুদ্ধাচার কৌশল” শীর্ষক এক কর্মশালায় তিনি এ পরামর্শ দেন।
ন্যায়নিষ্ঠ থাকতে গিয়ে মাঝেমধ্যে সরকারি কর্মকর্তাদের ওপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের খড়গ নেমে আসে জানিয়ে মন্ত্রিপরিষ সচিব বলেন, “অনেক সময় আমরা ভাবি, ন্যায়নিষ্ঠ থাকলে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে খারাপ জায়গায় বদলি করে দিতে পারে।
“ন্যায়নীতি মেনে চলে কাজ করলে অনেক সময় ঊর্ধ্বতনরা রুষ্ট হন, অন্য জায়গায় বদলি করে দেন। সেটাকে দেখতে হবে ন্যায়নীতি মেনে চলার সাইড ইফেক্ট হিসেবে। সবকিছুরই তো একটা সাইড ইফেক্ট থাকে”।
সরকারি কার্যালয়ে দুর্নীতি কমাতে ‘অটোমেশনের’ ওপর গুরুত্ব দিয়ে শফিউল আলম বলেন, “সবকিছু যখন অটোমেশনের আওতায় চলে আসবে, তখন চাইলেও কেউ দুর্নীতি করতে পারবে না।”
ব্যক্তি থেকে শুদ্ধাচার শুরুর পরামর্শ দিয়ে তিনি বলেন, “শুদ্ধাচার ব্যক্তি থেকে শুরু করে পরিবারে, পরিবার থেকে সেটা সমাজে ছড়িয়ে দিতে হবে। প্রাথমিক শিক্ষায়ও শুদ্ধাচার বিষয়ক পাঠ অন্তর্ভুক্ত করা হবে।”
কৌটিল্যের অর্থশাস্ত্রের জনক চাণক্য পণ্ডিতের উদাহরণ দিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “চাণক্য পণ্ডিত দুই হাজার ১০০ বছর আগে বলেছিলেন আমরা করাপশন ইনফেস্টেড (দুর্নীতি পীড়িত) সমাজে বসবাস করছি।
“যেমন তিনি বলেছেন- সরকারি টাকা পয়সা যারা নাড়াচাড়া করে, তাদের পেটে সরকারি অর্থের কিছু ঢুকে পড়ে। যেমন . . . পানির মধ্যে থাকতে থাকতে মাছের পেটে পানি ঢুকে যায়।”
সরকারি কর্মকর্তাদের মধ্যে একটা সারেন্ডার কম্প্রোমাইজের (নতজানু সুবিধা) প্রবণতা আছে উল্লেখ করে শফিউল আজম বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরও উচিত অধস্তন সহকর্মীদের বোস্টিং করা, সমর্থন দেয়া সৎ থাকার ক্ষেত্রে।”
শুদ্ধাচারের সংস্কৃতি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে দুর্নীতি, লোভ ও সেবা দেওয়ার মানসিকতা সর্বক্ষেত্রে তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কর্মশালায় মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম বলেন, জাইকার সহযোগিতায় আমরা জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মশালা পর্যায়ক্রমে সব জেলা শহরগুলোতে আয়োজন করব।
এবছর ২৪ জেলায় এ কর্মশালার আয়োজন হবে বলে জানান তিনি।
চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল উদ্দিন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার রুহুল আমিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইকবাল বাহার, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম ও চট্টগ্রাম জেলা সিভিল সার্জন আজিজ উদ্দিন ভুঁইয়া উপস্থিত ছিলেন।
এছাড়াও চট্টগ্রামের ১৪ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
