২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই কলেজের ছাত্রলীগ কর্মীদের মারামারি, গুলি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ ‍মহসিন কলেজ ও ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ কর্মীদের মধ্যে মারামারি হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 05:03 PM

Updated : 12 Apr 2022, 01:54 AM

শনিবার সকালে ওই ঘটনার সময় কয়েকটি গুলিরও শব্দ শোনার কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ঘটনার পর চট্টগ্রাম কলেজে পুলিশ ক্যান্টিন ভাংচুরও করে এক পক্ষ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চকবাজার থানার ওসি আজিজ আহমেদ জানান, ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের কয়েক কর্মী সকালে চারটি মোটর সাইকেল করে এসে মহসিন কলেজে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর করে।

এক পর্যায়ে মহসিন ও চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীরা একজোট হয়ে তাদের ধাওয়া করে চারজনকে মারধর করে।

“এরপরই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।”

পরে সেখান থেকে একটি পক্ষ চট্টগ্রাম কলেজে গিয়ে পুলিশ ক্যন্টিন ভাংচুর করে এবং সে সময়ই গুলির শব্দ শোনা যায়।

ক্যান্টিনের কর্মচারীরা সাংবাদিকদের জানান, ৭/৮ যুবক ক্যান্টিনে এসে শাটার ভেঙ্গে ফেলে এবং ভেতরে ঢুকে চেয়ার-টেবিল উল্টে দেয়।

ওসি আজিজ বলেন, “ক্যান্টিনে কারা হামলা চালিয়েছে তা শনাক্ত করার জন্য সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।”

গুলির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।