২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গণজাগরণ মঞ্চকে ভেঙে ফেলার চেষ্টায় সরকার: কামাল লোহানী

গণজাগরণ মঞ্চের আন্দোলনের জন্যই যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব হচ্ছে মন্তব্য করে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেছেন, সেই মঞ্চকেই সরকার ভেঙে ফেলার চেষ্টা করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2016, 10:14 PM

Updated : 11 Oct 2022, 08:07 PM

চট্টগ্রাম যুব বিদ্রোহের ৮৬তম বার্ষিকীতে শুক্রবার নগরীর ডিসি হিলে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

“গণজাগরণ মঞ্চই দাবি তুলেছিল, কাদের মোল্লা কসাই- তার ফাঁসি হতে হবে। অবশেষে ফাঁসি তো হল এবং সেটা গণজাগরণ মঞ্চের জন্য সম্ভব হয়েছে।”

সরকারের উদ্দেশ্যে কামাল লোহানী বলেন, “তারপরে আপনার স্বাদ যখন পূরণ হল, তখন আপনি গণজাগরণ মঞ্চ ভেঙে চুরমার করার চেষ্টা করলেন।

 “গণজাগরণ মঞ্চ যদি আপনাদের খারাপ লাগে তাহলে ২০১৩ সালে কেন সেদিন সহ্য করেছিলেন?”

ব্লগারদের হত্যার ঘটনায় সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা করে তিনি বলেন, “আজ পর্যন্ত ব্লগার হত্যার ঘটনার একটিরও কোনো বিচার হয়নি। এটা বিচারহীনতার সংস্কৃতি নয় দুর্নীতি।”

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে লড়াই করলেও স্বাধীনতার পর সংখ্যালঘুদের দেশত্যাগ করতে হলে- কেন সে প্রশ্নও তোলেন তিনি। 

“দেশ স্বাধীন হওয়ার পর সংখ্যালঘুদের ৩৪ শতাংশ বাস ছিল। আজকে আপনারা প্রশাসনের লোকদের কাছে জানতে চান, কেউই সেটা আট দশমিক নয় শতাংশের বেশি বলতে পারবে না। তাহলে ত্রিশ লাখ লোক প্রাণ দিয়েছে কি আরেকটি পাকিস্তান কায়েমের জন্য?”

দেশে প্রচলিত তিন ধরনের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে কামাল লোহানী বলেন, “জাতিকে এভাবে বিভক্ত করার জন্য কী সেদিন দেশ স্বাধীন করেছিলাম আমরা?”

জামায়াতকে নিষিদ্ধ করা ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলা আইন করে নিষিদ্ধ করার দাবি জানিয়ে তিনি বলেন, “মুক্তিযুদ্ধের উপর ১০০ নম্বারের পরীক্ষা নিতে হবে।”

সমাবেশে অন্যদের মধ্যে যুব ইউনিয়ন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফিজ আদনান রিয়াদ, শিক্ষক নেতা উত্তম চৌধুরী ও ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক রাহাতুল্লাহ জাহিদ বক্তব্য দেন।