চট্টগ্রামে ওয়াগন লাইনচ্যুত, শাটল ট্রেন বন্ধ
চট্টগ্রামে একটি রেল ওয়াগন লাইনচ্যুত হয়ে শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে চট্টগ্রাম-নাজিরহাট রুটের ফরেস্ট গেইট এলাকায় এই ঘটনায় কেউ হতাহত হননি বলে বলে ষোলশহরের স্টেশন মাস্টার মো. শাহাবুদ্দিন জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, হাটহাজারী ১১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের জন্য ফার্নেস অয়েল খালাস করে ফেরার সময় ষোলশহর স্টেশন ছাড়িয়ে ফরেস্ট গেইট এলাকায় ওয়াগনটি লাইনচ্যুত হয়।
“এতে বিকাল ৩টায় নির্ধারিত সময়ে ষোলশহর স্টেশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পথে শাটল ট্রেনটি ছেড়ে যেতে পারেনি।”
বিকাল সাড়ে ৫টা নাগাদ পাহাড়তলী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছাবে বলে জানান শাহাবুদ্দিন।
