আসামি ধরতে যাওয়া পুলিশের ওপর চড়াও স্বজনরা
চট্টগ্রামের বোয়ালখালীতে পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে তার স্বজনদের হামলায় তিন পুলিশ ও এক আনসার সদস্য আহত হয়েছেন।
বুধবার গভীর রাতে উপজেলার খরণদ্বীপের কেরানীবাজারে এই ঘটনা ঘটে বলে বোয়ালখালী থানারও ওসি সালাউদ্দিন চৌধুরী জানিয়েছেন।
আহতরা হলেন- এসআই আবুল খায়ের, কনস্টেবল শফিকুর রহমান, আবুল হোসেন ও আনসার সদস্য বুলবুল শিকদার।
ওসি সালাউদ্দিন জানান, আসামি দৌলত মিয়া (৩৮) গত দুর্গাপূজার সময় মন্দির পরিদর্শনে যাওয়ার পথে সংসদ সদস্য মাঈনুদ্দীন খান বাদলের গাড়ি বহরে হামলার ঘটনায় হওয়া মামলার পলাতক আসামি।
আহত এসআই খায়ের জানান, দৌলতের বিরুদ্ধে ২০১২ সালের দ্রুত বিচার আইনে, ২০১৫ সালে নাশকতা ও পুলিশের ওপর হামলার তিনটি মামলায় পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করতে গিয়েছিলেন তারা।
“দৌলতকে গ্রেপ্তার করে ফেরার সময় পরিবারের সদস্যরা তাকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। এসময় ধস্তাধস্তিতে দৌলতও আহত হয়।”
কয়েকমাস আগেও একবার দৌলতকে গ্রেপ্তার করতে গেলে সে বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুককে ‘কামড়’ দিয়ে পালিয়ে গিয়েছিল বলে জানান খায়ের।
পুলিশের ওপর হামলার ঘটনায় দৌলতের বিরুদ্ধে আরেকটি মামলা করা হবে বলে জানান তিনি।
