একটি গেইট: হাজারো শিক্ষার্থীর ‘দুর্ভোগ’
স্কুল কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে চট্টগ্রাম নগরীর একটি স্কুলের হাজারো শিক্ষার্থীকে কয়েক মাস ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা।
পাঁচলাইশ থানার নাসিরাবাদে অঙ্কুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কুল ভবন সম্প্রসারণের কারণে প্রধান প্রবেশ পথ বন্ধ রাখায় এ দুর্ভোগ তৈরি হয়েছে বলে অভিভাবকরা বলছেন।
বুধবার সকালে বিকল্প পথে হুড়োহুড়ির মধ্যে অভিভাবকরা স্কুলের প্রধান ফটক জোর করে খুলে ফেললে তাদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের হাতাহাতির ঘটনাও ঘটেছে।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রহমান আরিফ নামের ক্ষুব্ধ এক অভিভাবক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে স্কুলের প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণির পরীক্ষা ছিল। সাড়ে ১০টায় পরীক্ষা ছিল নার্সারি ক্লাসের।
“পরীক্ষা দিয়ে শত শত শিক্ষার্থী যে পথ দিয়ে বের হবে, একই সময়ে সে পথ দিয়ে নার্সারির ছোট ছোট শিশুদের ঢোকার সময় বিপত্তি দেখা দেয়। এত ভিড়ের মধ্যে কেউ তার সন্তানদের একা ছেড়ে দিতে চাচ্ছিল না।”
অভিভাবকরা বলছেন, নার্সারি ক্লাসের তিন সেকশনের প্রত্যেকটি ৯২ জন শিক্ষার্থী। প্রত্যেক শিক্ষার্থীর সঙ্গে অভিভাবক। অন্যদিকে প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণির চার শতাধিক শিক্ষার্থী।
“একসঙ্গে এতজন শিক্ষার্থী কীভাবে তিন ফুট দৈর্ঘ্যের গেইট দিয়ে প্রবেশ করবে আর বেরুবে,” প্রশ্ন রাখেন রহমান আরিফ।
স্কুল কর্তৃপক্ষের গাফিলতি ও অব্যবস্থাপনার কারণে এ দুর্ভোগ মাস তিনেক ধরে চলছে জানিয়ে তিনি বলেন, “কর্তৃপক্ষ যদি একপাশ দিয়ে প্রবেশ ও অন্যপাশ দিয়ে বের হওয়ার ব্যবস্থা রাখত, তাহলে এ সমস্যা হত না।”
রহমান আরিফের পাশে থাকা অন্য অভিভাবকরাও একই কথা বলেন।
অভিভাবক ও প্রহরীদের হাতাহাতির খবর শুনে ঘটনাস্থলে যাওয়া পাঁচলাইশ থানার এসআই এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্কুলের গেইট ছোট হওয়ায় একটু সমস্যা হয়েছিল।
“স্কুল কর্তৃপক্ষ বিকল্প প্রবেশ পথটি সম্প্রসারণ করবে বলে জানিয়েছে। সেটি হলে এ সমস্যা আর থাকবে না।”
তবে অঙ্কুর সোসাইটি স্কুলের সহকারী প্রধান শিক্ষক রুবি আরা বেগম বুধবারের ঘটনার জন্য অভিভাকদেরই দোষ দিচ্ছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিভাবকদের অস্থিরতার কারণে সমস্যাগুলো তৈরি হচ্ছে। নির্মাণ কাজ চলায় বিকল্প পথ দিয়ে শিক্ষার্থীদের বের করতে একটু সময় লাগে। কিন্তু সে সময়টুকু অভিভাবকরা অপেক্ষা করতে রাজি না।”
গত ১০ মার্চও একই ধরনের পরিস্থিতি হলে অভিভাবকরা স্কুলের প্রধান গেট ভেঙে সন্তানদেরকে বের করে এনেছিলেন।
