২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দিনেদুপুরে দুই ভাইয়ের টাকা ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

চট্টগ্রামে দিনের আলোয় অসংখ্য পথচারীর সামনে দুই ভাইয়ের কাছ থেকে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 03:40 PM

Updated : 12 Apr 2022, 01:52 AM

মঙ্গলবার দুপুরে দুই ভাই শেখ রিফাত মাহমুদ রাহাত ও শেখ রিয়াজ মাহমুদ রাব্বী নগরীর নেভাল অ্যাভিনিউ মোড়ে ছিনতাইকারীর কবলে পড়েন।

রাহাত-রাব্বীর বড় ভাই এস মাহমুদ শাহেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার দুই ভাই জুবিলী রোডের মিচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা তুলে রিকশায় করে ব্র্যাক ব্যাংক কাজীর দেউরী শাখায় জমা দিতে যাচ্ছিল।

রাহাত ও রাব্বী জানান, ছিনতাইকারীরা সংখ্যায় চারজন ছিল এবং তারা এসেছিল অটোরিকশায় করে।

রাহাত বলেন, “নেভাল অ্যাভিনিউ মোড়ে পেছন দিক থেকে আসা অটোরিকশাটি আমাদের গতিরোধ করে।

“ছিনতাইকারীরা আমাকে জোর করে টাকার ব্যাগসহ গাড়িতে তুলে মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে অটো থেকে ফেলে দেয়।”

সে সময় রাব্বী ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তি করে অটোরিকশার লোহার গ্রিল ধরে ঝুলে সাহায্যের জন্য চিৎকার করছিল বলে জানান রাহাত।

তবে ওই সময় কেউই তাদের সহায়তায় এগিয়ে আসেনি বলে রাব্বী জানান।

“কিছুদূর যাওয়ার পর এসএ পরিবহনের কাউন্টারের সামনে গিয়ে অটোরিকশার গ্রিল ভেঙ্গে রাস্তায় পড়ে গেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়,” বলেন রাব্বী।

ছিনতাইয়ের কোনো অভিযোগ পাননি বলে কোতয়ালী থানার ওসি জসিম উদ্দিন জানিয়েছেন।

তিনি বলেন, “বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।”