২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতিচিহ্ন রক্ষায় স্মারকলিপি

ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত জালালাবাদ পাহাড় অধিগ্রহণ করে স্মৃতিস্তম্ভ নির্মাণসহ চার দফা দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে যুব ইউনিয়ন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2016, 09:47 PM

Updated : 20 Aug 2022, 12:28 PM

সোমবার চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবসের ৮৬ তম বার্ষিকী পালন উপলক্ষে এই স্মারকলিপি দেয় তারা।

স্বারকলিপির অন্য তিন দাবি হল-  স্মৃতিস্তম্ভ নির্মাণ করে তা সাধারণের জন্য উন্মুক্ত করা, চট্টগ্রামের যুব বিদ্রোহ তরুণদের কাছে তুলে ধরতে পদক্ষেপ নেওয়া ও যুব বিদ্রোহের মহানায়কদের নামে নগরীর প্রধান প্রধান সড়কগুলি নামকরণ করা।

স্মারকলিপি দেওয়া শেষে জেলা পরিষদ মার্কেট চত্বরে এক সমাবেশে যুব ই্উনিয়নের নেতারা বলেন, প্রতাপশালী ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে স্বাধীনতার স্বপ্নে জালালাবাদ পাহাড়ে ব্রিটিশ সেনাবাহিনীর সঙ্গে সম্মুখ সমরে যারা প্রাণ দিয়েছে- তাদের স্মরণে সেখানে কোনো সরকারই কোনো স্মৃতিস্তম্ভ নির্মাণ করেনি।

বিষয়টাকে পরিতাপের বিষয় জানিয়ে বক্তারা বলেন, স্বাধীনতার সেই স্বপ্ন সারথীদের স্মরণে অবিলম্বে সে পাহাড়টি অধিগ্রহণ করে সেখানে যুব বিদ্রোহের মহানায়কদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে হবে।

পাহাড়টি সেনাবাহিনীর অধীনে হওয়ায় সেখানে সাধারণ মানুষের প্রবেশের কোনো সুযোগ নাই বলে জানান বক্তারা।

স্মারকলিপি প্রদানের আগে নগরীর জেএম সেন হলে মাস্টারদা সূর্যসেনের আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় যুব ইউনিয়ন।

সমাবেশে যুব ইউনিয়নের চট্টগ্রাম জেলার সভাপতি  রিপায়ন বড়ুয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব নেতা উজ্জ্বল শিকদার, সুব্রত ধর, টুটন দাশ, আমানুল ইসলাম, আরেফাতুল জান্নাত ও শিবা দাশ।