চট্টগ্রামে জাহাজ থেকে ৫০ টন জাটকা উদ্ধার
চট্টগ্রামের কর্ণফুলি নদীতে একটি জাহাজে অভিযান চালিয়ে ৫০ টন জাটকা আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সদরঘাট এলাকার ক্রিসেন্ট-৪ নামের একটি ফিশিং ভেসেলে অভিযান চালিয়ে এই জাটকা আটক করা হয়।
অভিযানের দায়িত্বে থাকা চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাটকা মজুদের খবর পেয়ে আমরা দুপুর থেকে ক্রিসেন্ট-৪ এ অভিযানে আছি।”
রাত নয়টা পর্যন্ত জাহাজে ফ্রিজিং করে রাখা মোট ৫০ টন জাটকা আটক করা হয়েছে বলে জানান তিনি।
আবদুল্লাহ আল মনসুর বলেন, “অভিযান অব্যাহত আছে। আমরা অনুসন্ধান চালাচ্ছি। রাত ১১টা পর্যন্ত অভিযান চলবে।”
