দেশের প্রথম ‘তেল জাদুঘর’ উদ্বোধন হচ্ছে চট্টগ্রামে
চট্টগ্রামে উদ্বোধন হতে যাচ্ছে দেশের প্রথম ‘তেল জাদুঘর’।
মঙ্গলবার বিকালে পতেঙ্গায় মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে জাদুঘরের উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
মেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপক (প্রশাসন) মেহেরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাদেশে প্রথম তেল জাদুঘর হিসেবে এটি উদ্বোধন করা হবে।
তিনি বলেন, “ডিপোর পুরানো একটি ভবনে জাদুঘরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও পরে তা সম্প্রসারণ করা হবে।”
মেহেরুল জানান, আগে তেল শোধনে যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হত সেগুলোর পাশাপাশি তেল নিয়ে ইতিহাস থাকবে জাদুঘরে।
মঙ্গলবার জাদুঘরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও পর্যায়ক্রমে সেখানে সংগ্রহ বাড়ানো হবে বলে জানান তিনি।
