২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ফেনসিডিল, মদসহ আটক ৫

চট্টগ্রামে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ফেনসিডিল ও ৫২০ লিটার চোলাইমদ জব্দ করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2016, 04:41 PM

Updated : 20 Aug 2022, 12:28 PM

সোমবার সকালে হালিশহর থানার নয়াবাজার বিশ্বরোড ও পাঁচলাইশ থানার বাদুরতলা ও রোববার গভীর রাতে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে পুলিশ ওই চোলাই মদ ও ফেনসিডিলসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।

এরা হলেন- মো. দেলোয়ার (২০) মো. রাজা মিয়া (৬০) ও মো. রেজাউল (২০), সরোয়ার জামাল লিমু (৩৬) ও মো. সুমন (২২)।  

এদের মধ্যে দেলায়ার একজন ট্রাকচালক; রাজা মিয়া তার সহকারী।  

হালিশহর থানার ওসি প্রণব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে নয়বাজার বিশ্বরোডে একটি খালি ট্রাকে তল্লাশি চালিয়ে বস্তায় ভরা ১১০ বোতল ফেনসিডিল পান তারা। ওই সময় দেলোয়ার ও রাজা মিয়াকে গ্রেপ্তার করা হয়।

“চালক আমাদের বলেছে, ট্রাকটি মালামাল নিয়ে কুমিল্লা গিয়েছিল। সেখান থেকে আসার পথে ফেনসিডিল নিয়ে এসেছে,” বলেন ওসি।  

এদিকে গোয়েন্দা পুলিশের একটি দল চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথায় একটি বাসা থেকে ৫০০ লিটার চোলাই মদ উদ্ধার করে।  

নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার গভীর রাতে কাপ্তাই রাস্তার মাথায় ‘সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময়’ সরোয়ার ও সুমনকে আটক করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাশের একটি ঘরে অভিযান চালিয়ে প্লাস্টিকের বোতলে ভরা ৫০০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।  

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) তারেক আহমদ জানান, সোমবার সকালে পাঁচলাইশ থানার বাদুরতলা বড় গ্যারেজ এলাকার পুলিশ চেকপোস্টে রেজাউলকে আটক করা হয়।

“শরীরের সঙ্গে বোতল বেঁধে রেজাউল ২০ লিটার চোলাই মদ নিয়ে যাচ্ছিল। তল্লাশির পর সেগুলো পেয়ে তাকে আটক করা হয়।”

গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে হালিশহর ও পাঁচলাইশ থানায় মাদক আইনে দুটি মামলা করা হয়েছে।