২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আমদানি নিষিদ্ধ ওষুধ পেয়ে ফার্মেসি সিলগালা

চট্টগ্রামের বাকলিয়ায় আমদানি নিষিদ্ধ ও ভায়াগ্রা জাতীয় ওষুধ বিক্রি করায় একটি ফার্মেসি সিলগালা করে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2016, 07:40 PM

Updated : 11 Oct 2022, 08:06 PM

শনিবার বেলা ১টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন এ অভিযান পরিচালনা করেন।

বাকলিয়া থানার সতসংঘ সরণী স্টেডিয়াম পাড়া এলাকার নীল ড্রাগ হাউজে অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ফার্মেসির মালিক সাইনবোর্ডে তার পরিচয় লিখেছেন ‘ডা. আর কে নাথ, এলএমএএফ (ঢাকা)’।

“অভিযান দলের উপস্থিতি টের পেয়েই তিনি পালিয়ে যান।”

অভিযানে ওই ফার্মেসিতে প্রচুর পরিমাণে আমদানি নিষিদ্ধ পারাকটিন ও সারিডন এবং ভায়াগ্রা জাতীয় টার্গেট-১০০ নামের ওষুধ জব্দ করা হয়।

রুহুল আমিন বলেন, আমদানি নিষিদ্ধ পারাকটিন ওষুধটি আর কে নাথ স্থানীয়দের কাছে ‘স্বাস্থ্য ভালো করার’ ওষুধ হিসেবে বিক্রি করতেন।

“ফার্মেসিটি সিলগালা করে দেওয়া হয়েছে। তবে ফার্মেসির মালিককে না পাওয়ায় জরিমানা করা সম্ভব হয়নি।”