বাঁশখালীতে সংঘর্ষে হতাহতদের ক্ষতিপূরণ
বাঁশখালীতে এস আলম গ্রুপের কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সংঘর্ষে নিহত চার জনের পরিবারকে ১৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
গণ্ডামারায় নিহতদের বাড়িতে গিয়ে শুক্রবার বিকালে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন অনুদানের চেক হস্তান্তর করেন বলে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নিহত চার জনের পরিবার এবং আহত ৫৮ জনকে মোট ৮২ লাখ ৭৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
আহতদের মধ্যে গুরুতর ১১ জনকে এক লাখ টাকা করে এবং বাকি ৪৭ জনকে ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয় বলে তামি জানান।
জেলা পুলিশ সুপার কে এম হাফিজ আক্তার, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের লোকজন এসময় উপস্থিত ছিলেন।
গণ্ডামারার বড়ঘোনায় ৬০০ একর জমিতে ২০ হাজার কোটি টাকা ব্যয়ে চীনের সহায়তায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে এস আলম গ্রুপ।
ওই বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ করতে গিয়ে গত ৪ এপ্রিল বিকালে পক্ষ-বিপক্ষে সংঘর্ষে চার জন নিহত হন।
এরা হলেন- মরতুজা আলী, ছোটভাই আনোয়ারুল ইসলাম ওরফে আংকুর আলী, মরতুজার মেয়ে জামাই জাকির হোসেন ও জাকির আহমেদ।
