২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষবরণে রঙিন সাজে বঞ্চিত শিশুরাও

নানা রঙে সেজে চট্টগ্রামে নববর্ষ বরণে মেতে উঠেছে সুবিধাবঞ্চিত শিশুরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2016, 05:31 PM

Updated : 11 Oct 2022, 08:05 PM

নগরীর পুরাতন রেল স্টেশন চত্বর, চেরাগী পাহাড় মোড়, শিশু একাডেমী ও ফুলকীতে বঙ্গাব্দ ১৪২৩ উদযাপনে অংশ নেয় তারা।

সকালে বটতলী রেল স্টেশনে ‘বিনয় বাঁশি শিল্পী গোষ্ঠী’র ঢোলের তালে শুরু হয় আলো ঠিকানার আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান। পরে সুবিধাবঞ্চিত শিশুদের পরিবেশনায় দলীয় নৃত্য পরিবেশিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক।

সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল ‘আলোর ঠিকানা’র পরিচালক ও দৈনিক আজাদীর জ্যেষ্ঠ প্রতিবেদক ঋত্বিক নয়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের সাথে অন্যদের সবসময় একটা পার্থক্য থাকে।

“এখান থেকে বের হয়ে সব শিশুকে এককাতারে নিয়ে আসার জন্য আলোর ঠিকানা এই আয়োজন করেছে।”

এই আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের পাশাপাশি অন্যরাও অংশ নেয়। শিশুদের জন্য দুপুরে খাবারের ব্যবস্থা করার পাশাপাশি দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন ছিল।

এছাড়া শিশুদের জন্য নতুন পোশাকেরও ব্যবস্থাও করা হয় বলে জানান ঋত্বিক।

আলোর ঠিকানার শিক্ষার্থী সুবিধাবঞ্চিত তানিয়া, নাসরিন ও বাদশা জানান, তাদের কাছে নববর্ষ মানে বাহারি রঙের সাজে মানুষের ঘুরে বেড়ানো; নানা ধরনের অনুষ্ঠান।

এবার তারা নিজেরাই একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলা নববর্ষ উদযাপন করতে পেরে খুশি তারা।

শিশু মেলার আয়োজনে চেরাগী পাহাড় মোড়ে চলে শিশুদের বর্ষবরণ। দিনব্যাপী অনুষ্ঠানমালায় শিশুতোষ বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি ছিল সঙ্গীতানুষ্ঠানও।