২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন: চট্টগ্রামে প্রার্থী বাছাইকালে দুইপক্ষে সংঘর্ষ

ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাইকালে চট্টগ্রামে আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 08:14 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

মঙ্গলবার বিকালে নগরীর বক্সিরহাট এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের বাইরে বোয়ালখালীর আহলা করলডেঙ্গা ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীর সমথর্কদের মধ্যে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষের সময় মামুন কবীর সিকদার (৩১) নামে এক আওয়ামী লীগকর্মী ছুরির আঘাতে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ।

এদিকে কোতয়ালি থানার ওসি জসিম উদ্দিন বলছেন, দুইপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় একজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও আওয়ামী লীগ নেতারা জানান, সকাল থেকে দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে লোহাগাড়া উপজেলার সাতটি এবং বোয়ালখালী উপজেলার আরও সাত ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের সাক্ষাৎকার চলছিল।

বিকালে বোয়ালখালী উপজেলার সম্ভাব্য মনোয়নয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের শেষ পর্যায়ে আহলা করলডেঙ্গা ইউনিয়নের দুই প্রার্থী আবুদল ওয়াদুদ ও আবুল মনসুরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে লোহাগাড়া ও বিকালে বোয়ালখালী উপজেলার সাক্ষাৎকার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

দলীয় কার্যালয়ের বাইরে করলডেঙ্গা ইউনিয়নের দুই মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীর মধ্যে হাতাহাতি হয় দাবি করে তিনি বলেন, এতে কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি।