আফসারুল আমীনের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত
মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের দিকে তেড়ে যাওয়ার ঘটনায় সাবেক মন্ত্রী আফসারুল আমীনের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো কুশপুতুল দাহ করা হয়েছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্পাতকমণ্ডলীর সদস্য মোশাররফের নির্বাচনী এলাকা মিরসরাই উপজেলারর বড় তাকিয়া বাজারে সোমবার দুপুরে মহাসড়ক অবরোধ হয় ‘খইয়াছড়া ইউনিয়নের বাসিন্দা’ ব্যানারে।
খইয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহেদ ইকবাল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে অপদস্থ করার প্রতিবাদে আমরা মহাসড়ক অবরোধ করে আফসারুল আমীনের কুশপুতুল দাহ করেছি।”
আফসারুল আমীনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার ও সংসদ সদস্য পদ বাতিল চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্পিকার বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
স্থানীয়রা জানায়, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বাজারের দোকান-পাট বন্ধ রেখে বিক্ষোভে অংশ নেয় ব্যবসায়ীরা। পরে একটি মিছিল নিয়ে আফসারুল আমীনের কুশপুতুল দাহ করা হয়।
মিরসরাই থানার ওসি ইমতিয়াজ উদ্দিন ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খইয়াছড়া ইউনিয়নের শতাধিক মানুষ মহাসড়কে ঘণ্টাখানেক অবস্থান নিয়েছিল। তবে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।”
শনিবার চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘গণপরিবহনে শৃংখলা ও আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় ফ্লাইওভারে পক্ষে-বিপক্ষে বাকবিতণ্ডায় জড়ান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ এবং সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি আফসারুল আমীন।
এক পর্যায়ে মন্ত্রীর দিকে তেড়ে যান সাংসদ আফসারুল আমীন। তখন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন ও চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম সাংসদকে নিবৃত্ত করেন।
এরপর রোববারও মিরসরাই বাজারে সাংসদ আফসারুল আমীনের বিরুদ্ধে বিক্ষোভ করে মন্ত্রী মোশাররফের অনুসারীরা।
