২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফসারুল আমীনের বহিষ্কার চায় মিরসরাই ছাত্রলীগ

আওয়ামী লীগ থেকে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং এলাকার সংসদ সদস্য আফসারুল আমীনের বহিষ্কার দাবিতে মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2016, 09:53 PM

Updated : 20 Aug 2022, 12:24 PM

চট্টগ্রাম নগরীতে এক আলোচনা সভায় ফ্লাইওভার নিয়ে মিরসরাই এলাকার সংসদ সদস্য গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনের সঙ্গে বিতণ্ডায় জড়ানোর পরদিন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি আফসারুল আমীনকে বহিষ্কারের এই দাবি উঠেছে।

সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার দাবিতে রোববার দুপুরে মিরসরাই বাজার সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে তার কুশপুত্তলিকাও দাহ করেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

মিরসারই থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে আফসারুল আমিনের বহিষ্কার দাবি করে উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেন।   

শনিবার চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সেমিনার কক্ষে ‘টেকসই জনবান্ধব গণপরিবহন ব্যবস্থা ও আমাদের করণীয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় ফ্লাইওভার নির্মাণের বিপক্ষে মত দিয়ে সাংসদের রোষে পড়েন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ; তার দিকে তেড়েও যান নগর কমিটির এই সহ-সভাপতি।

স্থানীয়রা জানান, ছাত্রলীগ নেতাকর্মীরা রোববার মিরসরাই বাজার সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করায় সড়কের দুই পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়।

তবে মহাসড়ক অবরোধের খবর অস্বীকার করে ওসি ইমতিয়াজ বলেন, “ছাত্রলীগকর্মীরা মহাসড়কে সমাবেশ করেছিল। তাদের বুঝিয়ে দ্রুত সেখান থেকে তুলে দেওয়া হয়।”

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও মিরসরাই উপজেলা শাখার আহ্বায়ক মাইনুর ইসলাম রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্ত্রী মোশাররফ হোসেনকে হেনস্থা করায় আফসারুল আমীনের বহিষ্কার দাবিতে আমরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছি।”

পুরনো খবর:

মন্ত্রীর দিকে তেড়ে গেলেন সাংসদ