প্রবাসীর স্ত্রী হত্যার ঘটনায় আরেকজন গ্রেপ্তার
চট্টগ্রামের রৌফাবাদে প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনায় আরও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে হাটহাজারি উপজেলার মেখল ইউনিয়ন থেকে মো. আবু তৈয়ব ওরফে রানা (২৫) নামের এই যুবককে গ্রেপ্তার করা হয়।
রানা পূর্ব মেখল গ্রামের মো. ইউসুফের ছেলে।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাতে হাটহাজারি থানা পুলিশের সহায়তায় রানাকে গ্রেপ্তার করা হয়।
রোববার চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন রানা।
ওসি বলেন, “ঘটনার পরপর রানা রাঙামাটি পালিয়ে যায়। এরপর বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকার পর শনিবার হাটহাজারিতে আসে।”
গত ৫ মার্চ রাতে বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ পাহাড়িকা আবাসিক এলাকার জয়নব ভিলার তৃতীয় তলায় খুন হন প্রবাসী নুরুল আলমের স্ত্রী পারভীন আক্তার।
ঘটনার তিনদিন পর ৭ মার্চ নুরুল আলম দেশে ফিরে অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
পুলিশ এই ঘটনায় নিহত পারভীনের ভাসুর আব্দুর শুক্করের ছেলে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছিল।
এরপর গত ১৫ মার্চ রাতে টেকনাফ থেকে নগর গোয়েন্দা পুলিশ মো. ইয়াছিন ও মো. মনসুর নামে দুই যুবককে গ্রেপ্তার ও ওই বাসা থেকে লট করা স্বর্ণালংকার উদ্ধার করে।
ইয়াছিন ও মনসুরও হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
