২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি নোমানের

সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে কমিটি করে চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারায় বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বিরোধী লোকজনের সঙ্গে পুলিশের সংঘর্ষে চারজনের মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়েছেন বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2016, 08:38 PM

Updated : 11 Oct 2022, 08:04 PM

শনিবার ঘটনাস্থল পরিদর্শন শেষে এলাকাবাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নোমান বলেন, “আমরাও উন্নয়নের বিপক্ষে নয়, কিন্তু তা হতে হবে পরিকল্পিত।’’

কয়লা বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে বিশেষজ্ঞদের মতামতকে প্রাধান্য দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, “যারা এই প্রকল্প বাস্তবায়ন করছে, পরিবেশ ছাড়পত্রসহ তাদের কাছে থাকা যুক্তি প্রকল্পের স্বপক্ষে তুলে ধরতে হবে।

“গুলি করে পাখি শিকার করা যেখানে নিষিদ্ধ, সেখানে বাঁশখালীতে পুলিশ গুলি করে চারজনকে হত্যা করেছে, অনেককে পঙ্গু করেছে। আমরা এ জঘন্যতম হত্যাকাণ্ডের নিন্দা জানাই।”

তিনি সুপ্রিম কোর্টের একজন বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং ঘটনাস্থলে গণশুনানির ব্যবস্থা করে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এছাড়া ওইদিন নিহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে এলাকার নিরীহ লোকজনের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান নোমান।

তিনি নিহতদের প্রত্যেকের পরিবারকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে বিশ হাজার টাকা করে অর্থ সহায়তা দেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, গণ্ডামারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী, বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, সদস্য আনোয়ার হোসাইন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।