২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মাতৃভাষা দিবসের স্বীকৃতি আদায়কারীদের সম্মাননা

একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি আদায়ে ভূমিকা পালনকারী প্রয়াত রফিকুল ইসলাম ও আবদুস সালামকে চট্টগ্রামে সম্মাননা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2016, 06:57 PM

Updated : 20 Aug 2022, 12:24 PM

শনিবার দুপুরে নগরীর আগ্রাবাদ হোটেলের কর্ণফুলী হলে ‘বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন’ এ সম্মাননা দেয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের হাত থেকে আবদুস সালাম এবং প্রয়াত রফিকুল ইসলামের পক্ষে তার স্ত্রী দিলরাজ বুলি ইসলাম এই সম্মাননা স্মারক গ্রহণ করেন।

অনুষ্ঠানে আবদুস সালাম বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতিসত্তাকে জাগ্রত করেছিল। একুশ বলে দেয় আমরা কোথায় যেতে পারি।

“একাত্তরের মুক্তিযুদ্ধ আরেক টার্নিং পয়েন্ট। পৃথিবীর বুকে বাংলাকে আমরা স্থায়ী করতে পেরেছি। অদূর ভবিষ্যতে বাংলা হবে জাতিসংঘের সপ্তম অফিশিয়াল ভাষা।”

চট্টগ্রাম মেরিন একাডেমির সাবেক ক্যাডেট আবদুস সালাম বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শেখায়- আমরা সংকীর্ণ হব না। প্রত্যেক ভাষাকে শ্রদ্ধা করতে হবে।

“এ দিবসের কারণে বিশ্বের অনেক প্রান্তিক ভাষা আবার উদ্বুদ্ধ হচ্ছে।”

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি আদায়ে ‘মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড’ নামক সংগঠন গঠনের কথা জানিয়ে আবদুস সালাম বলেন, কোনো অফিস-ওয়েবসাইট ছিল না।

“নিজেদের বাসায় কম্পিউটারে বসে কাজ করেছি। হাতে কোনো অস্ত্র নেই, তবু বিনা যুদ্ধে আমরা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি।”

একুশে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি আদায়ে ১৯৯৮ সালে উদ্যোগ নেয় ‘মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড’।

এর অন্যতম উদ্যেক্তা রফিকুল ইসলাম ও আবদুস সালাম। মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ২০১৩ সালের ২০ নভেম্বর মারা যান।

এ বছর রফিকুল ইসলাম (মরণোত্তর) ও আবদুস সালামকে স্বাধীনতা পদক দেওয়া হয়।

সম্মাননা অনুষ্ঠানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, দেশের জন্য ভালোবাসা, অঙ্গীকার ও একাগ্রতা থাকলেই অনেক কিছু করা সম্ভব।

“কেউ উনাদের এ কাজ করতে বলেননি। দেশপ্রেমের উপলব্ধি থেকেই দুজনের প্রচেষ্টায় এত বড় কাজ হয়েছে। শুধু বাংলা ভাষা নয়, পুরো দেশ সারা বিশ্বে সমাদৃত হয়েছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন জিল্লুর রহমান ভুইঁঞা।

এতে অন্যদের মধ্যে রফিকুল ইসলামের স্ত্রী দিলরাজ বুলি রহমান, মেরিন একাডেমির কমানডেন্ট সাজিদ হোসাইন, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের মহাব্যবস্থাপক সাখাওয়াত হোসাইন, চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া, নৌবাহিনীর কর্মকর্তা কমডোর শেখ আরিফ মাহমুদ, ক্যাপ্টেন শফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি বিষয়ে একটি তথ্যচিত্র দেখানো হয়।

‘মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড’ নামক সংগঠনের উদ্যোগে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ৩০তম দ্বি-বার্ষিক সম্মেলনে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়।

পুরনো খবর:

‘যত খুশি-তত দুঃখ’